ফেরিতে গাদাগাদি করেই ফিরছে মানুষ
ঈদ শেষে মুন্সিগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট দিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণবঙ্গের মানুষ। এতে প্রতিটি ফেরিতে রয়েছে মানুষের উপচেপড়া ভিড়।
সোমবার (১৭ মে) সকাল থেকে বাংলাবাজার থেকে শিমুলিয়াঘাটে আসা প্রতিটি ফেরিতে কর্মস্থলমুখী যাত্রীদের ভিড় দেখা যায়। একইসঙ্গে এসব ফেরিতে জরুরি, যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন পার হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, শিমুলিয়াঘাটে আসা প্রতিটি ফেরিতে যানবাহনের সঙ্গে যাত্রীদের ভিড়। তবে মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি।
গণপরিবহন বন্ধ থাকায় আজও যাত্রীদের গন্তব্যে যেতে হচ্ছে ভেঙে ভেঙে। সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেলে তারা ঢাকায় ফিরছেন। এতে ভোগান্তির পাশাপাশি গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।

সজিব নামের এক যাত্রী বলেন, ঈদ শেষে কাজে তো ফিরতেই হবে। করোনার ভয় করলে জীবন চলবে না।
সাবিনা বেগম বলেন, একটি এনজিওতে কাজ করি। ছুটি শেষে এখন ফিরতে হবে। গণপরিবহন না থাকায় বিকল্প উপায়ে বাড়তি ভাড়া দিয়ে যেতে হবে গন্তব্যে।

শিমুলিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বলেন, বাংলাবাজার ঘাট থেকে আজও প্রচুর যাত্রী এসেছে ঘাটে। পাশাপাশি জরুরি ও ব্যক্তিগত গাড়িও পার করা হচ্ছে। সকাল থেকে নৌরুটে ১৮টি ফেরি চালু রয়েছে।
এদিকে শিমুলিয়া ঘাট থেকে ফেরিযোগে দক্ষিণবঙ্গে যেতে দেখা গেছে কিছু যাত্রীকে।
আরাফাত রায়হান সাকিব/এসএমএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬