অর্ডার নিতে দেরি হবে বলায় দোকানিকে কুপিয়ে জখম
মোংলায় ডিজিটাল ব্যানার তৈরির জন্য অর্ডার দিতে আসা ব্যক্তিকে দেরি হবে বলায় কথা-কাটাকাটির জেরে কম্পিউটার দোকানিকে কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১৭ মে) দুপুরে মোংলা পৌর শহরের মামার ঘাট এলাকায় রাসেল (২৫) নামের ওই দোকানির মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেন তারা।
এ ঘটনায় হামলার শিকার হওয়া আহতের মামা মো. ফারুক হোসেন বাদী হয়ে দুপুরে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের বরাত দিয়ে মোংলা থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল শেখ জানান, পৌর শহরের শেখ আব্দুল হাই সড়কস্থ নিউ লস্কর কম্পিউটারের মালিক মো. রাসেল খন্দকার। তার সঙ্গে গত ১২ মে ডিজিটাল ব্যানার তৈরির কাজ নিয়ে স্থানীয় শফিকুল ও সজিব নিকারীর মধ্যে কথা-কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে সোমবার দুপুরে রাসেল খন্দকারকে কুপিয়ে জখম করেন তারা।
আহত রাসেল খন্দকারকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় শহরের রাতারাতি কলোনির খলিল খাঁনের ছেলে শফিকুল খাঁন, আমিন নিকারীর ছেলে সজিব নিকারী, বাবুলের ছেলে মো. রাব্বি, মহির ছেলে মো. ইসমাইল ও সেকেন্দারের ছেলে মো. রহিমকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন আহতের মামা ফারুক হোসেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, একটি অভিযোগ পেয়েছি। এ ঘটনার তদন্তের জন্য এসআই জুয়েলকে দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এরশাদ হোসেন রনি/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঈদ-বৈশাখ ঘিরে চিরচেনা রূপে টাঙ্গাইলের তাঁতপল্লি
- ২ পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ বেজে উঠলো ৭ মার্চের ভাষণ
- ৩ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৪ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৫ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী