ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ১৬ জুলাই ২০২১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা এলাকায় আবারও প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। চট্টগ্রামমুখী গণপরিবহনের তীব্র চাপ ও পথচারীরা ফুট ওভারব্রিজ ব্যবহার না করে রাস্তা পারাপার হওয়ায় এ যানজটের সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৬ জুলাই) বিকেল সোয়া ৫টা থেকে শুরু হওয়া এ যানজটে ভোগান্তিতে পড়েছেন ঈদে বাড়ি ফেরা মানুষ ও গাড়িচালকরা।

সরেজমিনে দেখা যায়, চান্দিনা বাসস্ট্যান্ড থেকে ঊষা জুট মিল পর্যন্ত সড়কের দুইপাশে অন্তত দুই কিলোমিটার এলাকা জুড়ে যানজটে আটকা পড়েছেন যাত্রী ও পণ্যবাহী পরিবহন। এতে করে দুর্ভোগে পড়েছেন ঘরমুখো হাজার হাজার মানুষ। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।

তাদের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামমুখী পরিবহনের অতিরিক্ত চাপ ও পথচারীরা ফুট ওভারব্রিজ ব্যবহার না করায় এ যানজটের সৃষ্টি হচ্ছে।

jagonews24

এর আগেও সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের ওই অংশে আটকা পড়ে শত শত গণপরিবহন। হাইওয়ে পুলিশের সহায়তায় দুপুরের পর থেকে মহাসড়ক ফাঁকা থাকলেও বিকেল সোয়া ৫টা থেকে আবারও যানজট শুরু হয়।

বাসযাত্রী রতন মিয়া বলেন, চান্দিনায় যানজটে দীর্ঘক্ষণ আটকে আছি। সড়কে পরিবহনের প্রচুর চাপ রয়েছে। দাউদকান্দি টোলপ্লাজা থেকে ওই অংশে জ্যাম নেই। চান্দিনার অংশে এসে আমাদের গাড়ি আটকা পড়ে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ জিয়াউল চৌধুরী জাগো নিউজকে বলেন, ঈদে বাড়ি ফেরা মানুষের দুর্ভোগ কমাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার অংশে হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করছি, অল্প সময়ের মধ্যে যানজট মুক্ত হবে।

জাহিদ পাটোয়ারী/এমআরআর/জেআইএম