ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঈদযাত্রায় যানজটমুক্ত কুমিল্লার মহাসড়ক

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ১১:৫৭ এএম, ১৯ জুলাই ২০২১

ঈদযাত্রায় গণপরিবহনের তীব্র চাপে দেশের বিভিন্ন সড়কে যানজট থাকলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ৯৭ কিলোমিটার অংশ যানজটমুক্ত রয়েছে। তবে ব্যস্ততম এ সড়কে যানবাহনের তীব্র চাপ রয়েছে। ঈদে বাড়ি ফেরা মানুষের নিরাপদ যাত্রা ও যানজটে ভোগান্তিতে দূর করতে মহাসড়কে কুমিল্লার হাইওয়ে পুলিশের ১০টি পেট্রল টিম, দুটি কন্ট্রোল রুম ও দুর্ঘটনাকবলিত গাড়ি দ্রুত মহাসড়ক থেকে সরিয়ে নিতে রাখা হয়েছে পাঁচটি রেকার। এছাড়াও সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য দুটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

বিশেষ করে দাউদকান্দির গৌরিপুর, চান্দিনার ইলিয়টগঞ্জ ও নিমসার বাজার, সদর দক্ষিণের সুয়াগাজী এবং চৌদ্দগ্রাম উপজেলা সদরে যাতে যানবাহনের জট না লাগে সে জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

jagonews24

সোমবার (১৯ জুলাই) সকাল পৌনে ১১টায় জাগো নিউজকে এসব তথ্য জানিয়েছেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

তিনি বলেন, ঈদ উপলক্ষে সাধারণ মানুষকে নিরাপদে বাড়ি পৌঁছাতে হাইওয়ে পুলিশ দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা চেষ্টা করছি মহাসড়কের যানজট তো দূরের কথা কোথায়ও যেন জটলাও না বাঁধে। সে বিষয়টি মাথায় রেখে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।

jagonews24

পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ আরও বলেন, সুনির্দিষ্ট কারণ ছাড়া সড়কে গাড়ি থামাচ্ছে না পুলিশ। প্রত্যেক পুলিশ সদস্যকে ইউনিফর্ম পরা বাধ্যতামূলক করা হয়েছে। ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম মহাসড়কের যাবতীয় তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছে। ঈদে ঘরমুখো মানুষ যেন নিরাপদে ফিরতে পারে সে পদক্ষেপ নেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্ট্যান্ডগুলোতে পরিবহনের জটলা বাঁধতে দেয়া হচ্ছে না বলে তিনি জানান।

কুমিল্লা রয়েল পরিবহনের সুপারভাইজার মো. আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, ঢাকা থেকে কুমিল্লায় আসতে মাত্র সোয়া দুই ঘণ্টা সময় লেগেছে। ঈদ উপলক্ষে অন্যান্যবার যেভাবে দাউদকান্দি ও চান্দিনার অংশে জ্যাম থাকে এবার এখন পর্যন্ত নেই। বাকি দিন কেমন যায় জানি না।

জাহিদ পাটোয়ারী/বিএ/জেআইএম