ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফাঁকা কুমিল্লার মহাসড়ক, নির্বিঘ্নে বাড়ি ফিরছেন মানুষ

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৮:৩০ পিএম, ২০ জুলাই ২০২১

রাত পোহালেই ঈদুল আজহা। গত এক সপ্তাহ ধরে যানবাহনের তীব্র চাপ থাকলেও শেষ দিনের ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোগান্তির পরিবর্তে স্বস্তির দেখা মিলেছে। কুমিল্লা অংশের ৯৭ কিলোমিটার সড়ক এখন ফাঁকা। নির্বিঘ্নে বাড়ি যেতে পারছেন মানুষ।

মঙ্গলবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, কুমিল্লা সেনানিবাস এলাকা, চান্দিনা ও দাউদকান্দি টোলপ্লাজা এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এশিয়া পরিবহনের চালক হারুনুর রশিদ বলেন, ‘আজ ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছতে মাত্র দুই ঘণ্টা সময় লেগেছে। সড়কে কোথাও জ্যাম নেই। গাড়ির চাপও কম দেখা গেছে।’

jagonews24

এদিকে, ঈদে বাড়ি ফেরা মানুষের নিরাপদ যাত্রা ও যানজটে ভোগান্তিতে দূর করতে মহাসড়কে কুমিল্লার হাইওয়ে পুলিশের ১০টি পেট্রল টিম, দুটি কন্ট্রোল রুম ও দুর্ঘটনাকবলিত গাড়ি দ্রুত মহাসড়ক থেকে সরিয়ে নিতে রয়েছে পাঁচটি রেকার। এছাড়াও সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য দুটি অ্যাম্বুলেন্সও রয়েছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘মহাসড়কের চান্দিনার অংশে কোথাও জ্যাম নেই। তবে মহাসড়কে মানুষের জানমাল রক্ষায় হাইওয়ে পুলিশ অবস্থান করছে।’

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, ‘আজ বিকেল থেকে সড়কে গাড়ির চাপ কমে গেছে। দাউদকান্দির অংশ একেবারেই ফাঁকা বলা যায়। কোথাও কোনো যানজট নেই। সড়কে যান চলাচল স্বাভাবিক।’

জাহিদ পাটোয়ারী/এসজে/এমএস