কুমিল্লায় চামড়া সংরক্ষণে ৫ টন লবণ বিতরণ
কুমিল্লায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য ৫ টন লবণ বিতরণ করেছে জেলা প্রশাসন। জেলার বিভিন্ন স্থানে চামড়া সংগ্রহকারী, সংরক্ষণকারী, চামড়া ব্যবসায়ীদের মাঝে লবণগুলো বিতরণ করা হয়।
এদিকে বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল থেকে কুমিল্লা মহানগরীর বিভিন্ন এলাকায় চামড়া সংরক্ষণ ব্যবস্থাপনা কার্যক্রম ঘুরে দেখেন সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু ও কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান কোরবানির চামড়া যথাযথ ভাবে সংরক্ষণে ঋষি পল্লীর চামড়া সংরক্ষণকারীদের সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

তিনি বলেন, ‘সংরক্ষণের অভাবে একটি চামড়াও যেন নষ্ট না হয় সেজন্য আমাদের লবণ বিতরণ অব্যাহত থাকবে। এ ছাড়া আগামীকাল শুক্রবার সকালে ঋষি পল্লীতে ১৬০ জন অসহায়ের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী দেয়ারও ঘোষণা দেন তিনি।’
জেলা প্রশাসক আরও জানান, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাধ্যমে চামড়া সংগ্রহকারী, সংরক্ষণকারী, চামড়া ব্যবসায়ী এবং স্থানীয় বিভিন্ন মাদরাসায় যারা চামড়া সংগ্রহ ও সংরক্ষণ করে থাকেন তাদের নিয়ে একাধিক সভা করে বিষয়টি সমন্বয় করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ৫ মেট্রিক টন লবণ বিতরণ করা হয়েছে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেনসহ কুমিল্লা কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাহিদ পাটোয়ারী/আরএইচ/জিকেএস