সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় গৌরীপুর বাজার
সামান্য বৃষ্টিতেই তালিয়ে যায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার। ময়লাযুক্ত পানিতে সয়লাব হয়ে যায় বাজার অলিগলি। এতে করে দুর্ভোগ পোহাতে হয় ব্যবসায়ীসহ বাজারে আসা সাধারণ মানুষকে।
ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, গৌরীপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুরপাড় ঘিরে গড়ে উঠেছে বড় ব্যবসা প্রতিষ্ঠান, আবাসিক ভবন, স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসা, শপিংমলসহ বহু স্থাপনা। অপরিকল্পিত রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ এলাকায় সব সময় পানি জমে থাকে। ফলে ওই সব এলাকা, মাছ বাজার, তরকারি বাজার, মাংস বাজার ও চাল বাজারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

গৌরীপুর বাজারের ব্যবসায়ী জাকির হোসেন জাগো নিউজকে বলেন, সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে বাজারে ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগ পোহাতে হয়।
বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি নোমান সরকার বলেন, জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ গ্রহণের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এ বিষয়ে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সুমন জাগো নিউজকে বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। শিগগিরিই জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেওয়া হবে।
আরএইচ/এএসএম