নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশা যাত্রীর
ফাইল ছবি
নোয়াখালীর বেগমগঞ্জে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইমাম হোসেন (৪২) নামে অটোরিকশার এক যাত্রী মারা গেছেন। এসময় অটোরিকশার চালকসহ আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (১৬ অক্টোবর) দিনগত রাত ১০টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বড়পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমাম হোসেন সেনবাগ পৌরসভার সাহপুর গ্রামের বাসিন্দা। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, রাতে চৌমুহনী বাজার থেকে সিএনজি অটোরিকশায় করে সেনবাগ যাওয়ার উদ্দেশ্যে রওনা হন ইমাম হোসেনসহ তিন যাত্রী। বড়পোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক সিএনজি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান যাত্রী ইমাম হোসেন। আহত হন অটোরিকশার চালকসহ আরও তিনজন। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি জানান, ঘটনাস্থল থেকে ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পলাতক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
ইকবাল হোসেন মজনু/ এফআরএম/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে