ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বুড়িচংয়ে ‘মুক্ত পাঠক কর্নার’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | কুমিল্লা | প্রকাশিত: ০৯:০৭ পিএম, ০৬ নভেম্বর ২০২১

কুমিল্লার বুড়িচংয়ে ‘মুক্ত পাঠক কর্নার’ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ নভেম্বর) ‘শিক্ষাই সচেতনতা; শিক্ষাই মুক্তি’ প্রতিপাদ্যে বুড়িচং প্রেস ক্লাব চত্বরে এই কর্নারের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল হাশেম খান। উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও বুড়িচং সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী প্রকৌশলী জয়নাল আবেদীন।

কাগজের পত্রিকার পাঠক বৃদ্ধি করার জন্য বুড়িচং প্রেস ক্লাবের উদ্যোগে মুক্তপাঠ, পাঠক কর্নার চালু করেন বুড়িচংয়ের সাংবাদিকরা। সাধারণ মানুষের চলার পথে মুক্ত পরিবেশে যাতে পত্রিকা পড়তে পারে, সেজন্যই এই উদ্যোগ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একুশে টিভির জেলা প্রতিনিধি ও কুমিল্লা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির রনি, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি মো. সাখাওয়াত হাফিজ, সাধারণ সম্পাদক প্রভাষক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সুমন, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান সোহেল, সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবু ইউসুফ ভূঁইয়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শামীম, ক্রীড়া সম্পাদক হাসান মাস্টার সদস্য জাফর সাদেক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আবুল হাশেম খান বলেন, যুব সমাজকে মাদক এবং মোবাইল ফোনের নানা আসক্তি থেকে রক্ষার জন্য পত্রিকা পড়ার বিকল্প নেই। তাই আমি এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই।

জয়নাল আবেদীন বলেন, মানুষকে সচেতন করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। শিক্ষা বিস্তার ও মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে বুড়িচং প্রেস ক্লাবের সাংবাদিকরা যে মহৎ উদ্যোগ নিয়েছেন সেটা প্রশংসাযোগ্য।

টিটি/জেডএইচ/এএসএম