আজ জীবননগর মুক্ত দিবস
আজ ৪ ডিসেম্বর। জীবননগর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে ভারতীয় সীমান্ত ঘেঁষা চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা হানাদার মুক্ত হয়।
এ দিন মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্র বাহিনীর তুমুল প্রতিরোধের মুখে পাকহানাদার বাহিনী রক্তক্ষয়ী যুদ্ধের পর জীবননগর ছেড়ে ঝিনাইদহ অভিমুখে পালিয়ে যায়।

জীবননগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নিজামউদ্দীন জানান, ১৯৭১ সালের ২৬ নভেম্বর জীবননগরে পাকহানাদার বাহিনীর পতন ঘটলেও চূড়ান্ত বিজয় আসে ৪ ডিসেম্বর। এদিন প্রত্যূষে ভারতীয় মিত্র বাহিনীর কমান্ডার মেজর দত্ত ও ৮নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনী যৌথভাবে জীবননগর উপজেলার ধোপাখালী সীমান্ত দিয়ে প্রবেশ করে জীবননগর, দত্তনগর, হাসাদহ ও সন্তোষপুরে পাকবাহিনীর উপর অতর্কিত ঝাপিয়ে পড়ে। শুরু হয় রক্তক্ষয়ী সম্মুখ যুদ্ধ। এ যুদ্ধে পাকহানাদার বাহিনীর ২৯ বেলুচ রেজিমেন্টের সৈন্যরা যৌথ বাহিনীর কাছে পরাজিত হয়ে পার্শ্ববর্তী ঝিনাইদহের দিকে পালিয়ে যায়। এ সময় থানায় ফেলে যাওয়া পাকবাহিনীর ক্যাপ্টেন নারী ধর্ষণকারী ও অমানুষিক নির্যাতনকারী হিসেবে চিহ্নিত মুনছুর আলীর ব্যবহৃত জিপ গাড়িতে মুক্তিযোদ্ধারা আগুন ধরিয়ে দেয় এবং থানার মালখানা থেকে উদ্ধার করে পাশবিক নির্যাতনের পর সদ্য হত্যা করা ৭-৮ জন অজ্ঞাত নারীর লাশ। এ দিন মুক্তিপাগল মুক্তিযোদ্ধারা জীবননগরের মাটিতে প্রথম উত্তোলন করে স্বাধীন বাংলার পতাকা।
সালাউদ্দীন কাজল/এএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঘুস ছাড়া নড়েন না বরিশালের জেলা রেজিস্ট্রার
- ২ ভিসা কার্যক্রম স্বাভাবিক করতে ভারত ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩ বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির মনোনয়নপত্র তুললেন বাদশা
- ৫ শ্রমিক হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীকে শ্যোন অ্যারেস্ট