প্রাইভেটকারে টিভি চ্যানেলের স্টিকার লাগিয়ে মাদকপাচার, আটক ২
৭১ টিভির স্টিকারযুক্ত প্রাইভেটকার ও জব্দ ফেনসিডিল
প্রাইভেটকারে ৭১ টিভি চ্যানেলের স্টিকার লাগিয়ে মাদক পরিবহনের সময় ৬০২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
সোমবার (১৭ জানুয়ারি) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ঈদগাহ মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-যশোরের বেনাপোল উপজেলার ভবেরবেড় গ্রামের বাবুল হোসেনের ছেলে সোহেল রানা (২৮) ও একই উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত মমতাজ আলীর ছেলে রিয়াজুল ইসলাম (৪৪)।

আজ দুপুরে সংবাদ সম্মেলনে এতথ্য নিশ্চিত করেন র্যাব-১২ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।
র্যাব জানায়, গোপন সংবাদ ছিল বেসরকারি ৭১ টিভির স্টিকার লাগিয়ে প্রাইভেটকারে ফেনসিডিল বিক্রির জন্য টাঙ্গাইল জেলায় নিয়ে যাওয়া হচ্ছে। এ তথ্য পেয়ে সোমবার সকালে নাগরপুর উপজেলার সহবতপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় দুটি প্রাইভেটকারসহ দুজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৬০২ বোতল ফেনসিডিল, দুটি মোবাইল, দুটি সিম কার্ডসহ নগদ তিন হাজার ৪৭০ টাকা জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে র্যাব আরও জানায়, আটকরা বহুদিন ধরে অবৈধভাবে সীমান্তবর্তী বিভিন্ন জেলা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলার মাদক কারবারিদের কাছে সরবরাহ করতেন। তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সাংবাদিক পরিচয় দিতেন।
র্যাব কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
আরিফ উর রহমান টগ/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাছে আম-জাম ধরলে পাঠাবেন, আমি খাবো: কৃষকদের প্রধানমন্ত্রী
- ২ সুনামগঞ্জে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উদীচীর বর্ষবরণ
- ৩ রাতের আঁধারে নারিকেল গাছের চূড়ায় তরুণ, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
- ৪ ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে মারতে বাঁশ নিয়ে তেড়ে যাওয়ার ঘটনায় মামলা
- ৫ নিহত সাত দিনমজুরের মরদেহ বাড়ি পৌঁছে দেবে জামায়াত