সোনারগাঁয়ে ৩ মাসের বকেয়া দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
সড়ক অবরোধ করে বিক্ষোভ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন মার্কারী নীট ওয়্যার প্রাইভেট লিমিটেড নামে একটি পোশক কারখানার শ্রমিকরা।
সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বিসিক শিল্পনগরী এলাকায় তারা এ বিক্ষোভ করেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে সোনারগাঁ থানা পুলিশ, কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ও শিল্প পুলিশের আশ্বাসে সড়ক থেকে সরে যান শ্রমিকরা।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, তিন মাস ধরে শ্রমিকদের বেতন বকেয়া রয়েছে। মালিকপক্ষ বিভিন্ন সময়ে তাদের পাওনা পরিশোধ করার প্রতিশ্রুতি দিলেও বেতন পরিশোধ করছে না। আজ তাদের পাওনা পরিশোধের নির্ধাতির দিন ছিল। কিন্তু তারা কারখানায় এসে জানতে পারেন মালিকপক্ষ বেতন পরিশোধ না করার জন্য তালবাহানা শুরু করেন। পরে বিকেল সাড়ে ৩টার দিকে কারখানার অভ্যন্তরে প্রায় চার শতাধিক শ্রমিক বিক্ষোভ শুরু করেন।
এক পর্যায়ে বিকেল ৫টার দিকে কারখানা থেকে বের হয়ে মহাসড়কের অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ করেন।
মার্কারী নীট ওয়্যার প্রাইভেট লিমিটেডের শ্রমিক আকলিমা আক্তার বলেন, মালিক পক্ষ আমাদের তিন মাসের বেতন বকেয়া রেখেছেন। ফলে আমাদের জীবন চলাতে হিমশিম খেতে হচ্ছে। কিন্তু বাড়ির মালিকরা ভাড়া পরিশোধের জন্য চাপ দিচ্ছেন।
শ্রমিক আমজাদ হোসেন বলেন, বেতন বকেয়া থাকার কারণে আমাদের গার্মেন্টে আসার যে ভাড়া লাগে সেটাও অন্যের কাছ থেকে ধার করে নিয়ে আসতে হয়। এখন আর কেউ ধার ও দোকানে বাকি দিতে চান না।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাত করিম জাগো নিউজকে বলেন, অল্প সময়ের জন্য শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছিল। মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে কথা বলে আগামী দুদিনের মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
এ বিষয় মার্কারী নীট ও্যায়ার প্রাইভেট লিমিটেড ম্যানেজার (হিসাব) মো. সিরাজুল ইসলাম বলেন, মালিক পক্ষের সমস্যা থাকার কারণে আজ বেতন পরিশোধ করা সম্ভব হয়নি। তবে দু-একদিনের মধ্যে বেতন পরিশোধ করা হবে।
এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ২ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৩ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৪ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ৫ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা