ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় ৫ যাত্রী নিহত: সেই ট্রাকচালক গ্রেফতার

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ১০:২২ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২২

কুমিল্লার বুড়িচংয়ে সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালক রাকিবুল হাসান রনিকে (১৯) গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার রাকিবুল হাসান রনি বুড়িচং উপজেলার মিরপুর গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে।

র‌্যাব জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার রাতে চালক রনিকে জেলার সদর দক্ষিণ থানার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের মুরাপাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সড়ক দুর্ঘটনায় তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।

গ্রেফতার রনির বরাত দিয়ে র‌্যাব আরও জানায়, ড্রাইভিংয়ের কোনো প্রশিক্ষণ নেয়নি। দুর্ঘটনার পর পরিচয় গোপন করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে মামার বাড়ি কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার কনেশতলা গ্রামে আত্মগোপনে চলে যায়।

এদিকে, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, শুক্রবার রাতে অজ্ঞাত ট্রাকচালকের বিরুদ্ধে নিহত অটোরিকশা চালক মো. জুলহাস মিয়ার ছেলে মো. স্বপন মিয়া বাদী হয়ে বুড়িচং থানায় মামলা করেন।

এর আগে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি তুতবাগান এলাকায় একটি ডাম্পট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহত হন আরও দু’জন।

জাহিদ পাটোয়ারী/এফএ/এমএস