৯ মাস পর কবর থেকে ওঠানো হলো শিশুর মরদেহ
কবর থেকে শিশুর মরদেহ উত্তোলন করা হয়
কুমিল্লার লাকসামে দাফনের ৯ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে ফয়সাল আহমেদ ফাহিমের (১০) নামে এক শিশুর মরদেহ।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের নির্দেশে পশ্চিমগাঁও মিয়াঁপাড়া এলাকা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপস্থিতিতে তার মরদেহ উত্তোলন করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক শাহীন মিয়া জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের পারিবারিক সূত্র জানায়, ২০২১ সালের ২৮ মে রাতে নিজ ঘর থেকে শিশু ফয়সালের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই দিন ফয়সালের মা তার নানাবাড়ি ছিলেন। সন্ধ্যার পর বাবা ইউনুস মিয়াও বাড়িতে ছিলেন না। রাত ৯টার দিকে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় ফয়সালকে উদ্ধার করে প্রতিবেশীরা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শিশু ফয়সালের মা পারভীন আক্তার বাদী হয়ে পাঁচজনকে আসামি করে কুমিল্লার আদালতে একটি হত্যা মামলা করেন। পরে আদালত মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।
এ বিষয়ে সিআইডি পরিদর্শক মো. শাহীন মিয়া বলেন, ঘটনার মূল রহস্য উদঘাটনে সিআইডি পুনরায় ফয়সালের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য আদালতের কাছে আবেদন করে। এরই পরিপ্রেক্ষিতে আদালত অনুমতি দিলে দুপুরে তার মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান রাসেল, সিআইডি উপ-পরিদর্শক হুমায়ুন কবির, সহকারী উপ-পরিদর্শক আলতাফ হোসেন ও লাকসাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাজিব হোসেন উপস্থিত ছিলেন।
জাহিদ পাটোয়ারী/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঘুস ছাড়া নড়েন না বরিশালের জেলা রেজিস্ট্রার
- ২ ভিসা কার্যক্রম স্বাভাবিক করতে ভারত ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩ বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির মনোনয়নপত্র তুললেন বাদশা
- ৫ শ্রমিক হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীকে শ্যোন অ্যারেস্ট