ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাসের ধাক্কায় প্রাণ গেলো অবসরপ্রাপ্ত সেনা সদস্যের

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৪:৩২ পিএম, ১০ মার্চ ২০২২

কুমিল্লার বুড়িচংয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার নাজিরা বাজার এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. দিদার হোসেন (৪৫) বুড়িচংয়ের ময়নামতি ইউনিয়নের করিমাবাদ এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট। বর্তমানে তিনি কুমিল্লা ক্যান্টনমেন্ট মার্কেটের হক সুইটসের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দীন জাহাঙ্গীর জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মোটরসাইকেল যোগে ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছিলেন সেনা সদস্য দিদার হোসেন। মহাসড়কের নাজিরা বাজার এলাকায় তিশা পরিবহনের একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এসময় স্থানীয়রা দিদারকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাস ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তবে বাসের চালক ও হেলপারকে আটক করা যায়নি।

জাহিদ পাটোয়ারী/এমআরআর/জিকেএস