বগুড়ায় স্ত্রী-সন্তানসহ অবসরপ্রাপ্ত শিক্ষককে কুপিয়ে জখম
আহত আফজাল হোসেন
বগুড়ার শাজাহানপুরে আফজাল হোসেন (৬২) নামের এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বসতবাড়িতে ঢুকে স্ত্রী, মেয়েসহ তাকে উপর্যুপরি কুপিয়েছে এক দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (৯ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আফজাল হোসেন উপজেলার মাঝিড়া ইউনিয়নের মাঝিড়া বারুনিঘাটা গ্রামের বাসিন্দা। তিনি বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন। কয়েকমাস আগে অবসরে যান।
আহত আফজাল হোসেনের ভাষ্যমতে, রাত সাড়ে ১২টার দিকে স্ত্রী ও মেয়ের চিৎকার শুনে তিনি ঘর থেকে বের হন। দেখেন একজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়েকে আঘাত করছেন। তিনি ওই দুর্বৃত্তকে ধরার চেষ্টা করলে তাকেও উপর্যুপরি কোপাতে থাকেন। হামলা কারণ জানেন না তিনি।
আফজাল হোসেনের মেয়ে জানান, তাদের বাড়ির সংস্কার কাজ চলছে। যে কেউ ইচ্ছে করলে বাড়ির ভেতর ঢুকতে পারবেন। রাতে ঘরে তিনি জেগে ছিলেন। হঠাৎ কেউ একজন পেছন দিক দিয়ে ঘরে ঢুকে পড়েন। এসময় তিনি চিৎকার দেওয়ার চেষ্টা করলে ওই দুর্বৃত্ত তার গলা চেপে ধরেন। ধস্তাধস্তির শব্দ শুনে পাশের ঘর থেকে প্রথমে তার মা বের হতেই তাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন ওই ব্যক্তি। পরে চিৎকার শুনে তার বাবা বের হয়ে ওই দুর্বৃত্তকে ধরার চেষ্টা করলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এখন পর্যন্ত হামলার কারণ জানা যায়নি। হামলা কারণ উদ্ঘাটন করে অপরাধীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ২ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৩ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব
- ৪ কম শিক্ষিতদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে রাখার সুযোগ নেই
- ৫ চুয়াডাঙ্গায় হাত বাঁধা অবস্থায় নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার