শ্রেণিকক্ষ থেকে ডেকে নিয়ে মাদরাসাশিক্ষককে মারধর
পিরোজপুরের নাজিরপুরে শ্রেণিকক্ষ থেকে ডেকে নিয়ে মো. বদীউজ্জামান নামে এক মাদরাসা শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে।
বুধবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার দীর্ঘা ইউনিয়নের লেবুজিলবুনিয়া গ্রামের লেবুজিলবুনিয়া ফাজিল মাদরাসায় এ ঘটনা ঘটে। মো. বদীউজ্জামান ওই মাদরাসার আরবি বিভাগের শিক্ষক।
অভিযুক্তরা হলেন- ওই ইউনিয়নের ঝিলবুনিয়া গ্রামের মো. শরিফুল ইসলাম ও তার ছোট ভাই মো. রফিকুল ইসলাম।
এদিকে শিক্ষককে মারধরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ওই মাদরাসার শিক্ষার্থীরা। এ সময় হামলাকারীদের একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি
নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, দুপুরে শিক্ষক বদীউজ্জামান শ্রেণি কক্ষে ক্লাস নিচ্ছিলেন। এ সময় শরিফুর ও তার ভাই রফিকুল তাকে ক্লাস থেকে ডেকে নিয়ে মারধর করেন।

বৈঠাকাটা পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো. আউয়াল জাগো নিউজকে বলেন, খবর শুনে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান আশুতোষ ব্যাপারী মীমাংসার উদ্যোগ নিয়েছেন। এরপরও কোনো অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে দীর্ঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশুতোষ ব্যাপারী জাগো নিউজকে বলেন, নারীঘটিত একটি বিষয় নিয়ে ঘটনাটি ঘটেছে বলে জানতে পেরেছি। তাই উভয়ের সম্মানের কথা চিন্তা করে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে রফিকুলকে শিক্ষকের পা ধরে মাফ চাওয়ানো হয়েছে।
মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক শিক্ষক মো. মোজাম্মেল হোসেন জাগো নিউজকে বলেন, শিক্ষক বদীউজ্জামানেরও অপরাধ রয়েছে। তাই পুলিশের উপস্থিতিতে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে দেওয়ার চেষ্টা চলছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জাগো নিউজকে বলেন, বিষয়টি শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। শুনেছি বিষয়টি স্থানীয়ভাবে মিটমাট করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ আব্দুল্লাহ আল সাদীদ জাগো নিউজকে বলেন, শিক্ষককে মারধরের খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। পরে কী হয়েছে তা জানি না। খবর নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাগুরায় অভিযোগ বাক্স উদ্বোধন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
- ২ খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ৬ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ
- ৩ মা হারালেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা
- ৪ মন্ত্রী হয়ে রাজশাহী গিয়ে তিন ইচ্ছার কথা জানালেন মিনু
- ৫ সোমবার থেকে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, ছেঁউড়িয়ায় বাড়ছে ভক্তদের ভিড়