ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় এলডিপি-ছাত্রলীগ সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৫:২৪ পিএম, ০৯ মে ২০২২

কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে দুই ছাত্রলীগকর্মী গুলিবিদ্ধের খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধরা হলেন- মাহমুদুল হাসান জনি ও নাজমুল হাসান।

সোমবার (৯ মে) দুপুরে চান্দিনা পৌরসভার রেদওয়ান আহমেদ ডিগ্রি কলেজের সামনের মাঠে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এলডিপি মহাসচিব ও কুমিল্লা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ড. রেদওয়ান আহমেদকে আটক করেছে পুলিশ।

কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ফয়েজ ইকবাল জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চান্দিনা রেদওয়ান আহমেদ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এলডিপির নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ছিল। হঠাৎ করে একই স্থানে ছাত্রলীগও কর্মীসভার আয়োজন করে। পরে উভয়পক্ষ দুপুরে কলেজের সামনে মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে এলডিপির মহাসচিব ড. রেদওয়ান আহমেদের গাড়ি কলেজের সামনে পৌঁছলে ছাত্রলীগ নেতাকর্মীরা গাড়ি লক্ষ্য করে ধাওয়া করেন। এসময় গাড়িতে অবস্থানরত ড. রেদওয়ান আহমেদ জানালা দিয়ে নিজের ব্যবহার করা পিস্তল থেকে দুই রাউন্ড গুলি ছোঁড়েন। এতে দুই ছাত্রলীগকর্মী গুলিবিদ্ধ হন।

jagonews24

ঘটনার পরপরই পুলিশ ড. রেদওয়ান আহমেদকে তার ব্যবহার করা পিস্তলসহ হেফাজতে নিয়ে যায়। বর্তমানে তিনি চান্দিনা থানায় পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনার পর থেকে পৌর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার বলেন, রেদওয়ান আহমেদ চান্দিনার মাটিতে বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে। সে নিজ হাতে আমার নেতাকর্মীদের গুলি করেছে। তারা হাসপাতালে ভর্তি। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

রেদওয়ান আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম বলেন, গত ৫ মে পৌর এলডিপি সভাপতি আমার কাছে ঈদ পুনর্মিলনী করার অনুমতি চেয়ে আবেদন করেন। আমি কলেজ সভাপতির সঙ্গে আলোচনা করে পরদিন ৬ মে পৌর এলডিপিকে কলেজ মাঠে ঈদ পুনর্মিলনী করার অনুমতি দিই।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ফয়েজ ইকবাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ড. রেদওয়ান সাহেব থানায় পুলিশ হেফাজতে রয়েছেন। ঘটনার সত্যতা জেনে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জাহিদ পাটোয়ারী/এমআরআর/এএসএম