কুমিল্লা সিটিতে নৌকার মাঝি কে এই রিফাত
আরফানুল হক রিফাত
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আরফানুল হক রিফাত।
শুক্রবার (১৩ মে) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের ‘স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড’ সভায় তাকে মনোনয়ন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরফানুল হক রিফাত বর্তমানে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি।
আরফানুল হক রিফাত জাগো নিউজকে বলেন, ‘দলীয় কর্মকাণ্ড বিবেচনা করে কুমিল্লার মানুষের সেবা করার জন্য নেত্রী আমাকে সুযোগ দিয়েছেন। এজন্য সারা জীবন নেত্রীর কাছে আমি কৃতজ্ঞ থাকবো। কৃতজ্ঞ থাকবো কুমিল্লার মানুষের কাছেও। আমাকে নির্বাচিত করলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের সেবা করে যাবো ইনশাআল্লাহ।’
১৯৭৬ সাল থেকে ভিক্টোরিয়া কলেজে ছাত্রলীগ করার মধ্যদিয়ে কুমিল্লার রাজনীতিতে প্রবেশ করেন আরফানুল হক রিফাত। এক বছর পর ১৯৭৭ সালে কুমিল্লা শহর ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান।
এরপর ১৯৮০ সালে ভিক্টোরিয়া কলেজে ছাত্রলীগের প্যানেল থেকে বহিঃক্রীড়া সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৬ সালে কুমিল্লা যুবলীগের সিনিয়র সহসভাপতি এবং পরবর্তীতে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন আরফানুল হক।
তিনি রাজনীতি করতে গিয়ে বহু মামলা-হামলার শিকার হয়েছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর কুমিল্লা টাউনহল মাঠে বিতর্কিত রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদের জনসভা পণ্ড করার অপরাধে সামরিক আইনে তার তিন বছরের সাজা হয়েছিল।
ভিক্টোরিয়া কলেজ ছাত্ররাজনীতি করতে গিয়ে জামায়াত-শিবিরের হামলায় গুরুতর আহত হয়ে সিঙ্গাপুরে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। তিনি কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী।
২০১৭ সালে কুমিল্লা সিটি করপোরেশনের দ্বিতীয় নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন আরফানুল হক। গত ১৩ এপ্রিল কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় দলের একক প্রার্থী হিসেবে আরফানুল হক রিফাতের নাম কেন্দ্রে পাঠানো হয়।
কুমিল্লা মহানগরীর ১১ নম্বর ওয়ার্ডের মনোহরপুর এলাকার বাসিন্দা সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া আরফানুল হক রিফাত। তার বাবা মৃত এস এম আতাউল হক।
তফসিল অনুযায়ী, কুমিল্লা সিটি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৭ মে। মনোনয়নপত্র বাছাই ১৯ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।
২৭টি ওয়ার্ডের ১০৩টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটিতে মোট ভোটার দুই লাখ ৩২ হাজার ৬৩০ জন। এদের মধ্যে নারী ভোটার এক লাখ ১৪ হাজার ৪৮৮ জন। পুরুষ ভোটার এক লাখ ১৮ হাজার ১৪২ জন।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ১৪ জন নেতাকর্মী আবেদন ফরম সংগ্রহ করেন।
তারা হলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা, সহ-সভাপতি ওমর ফারুক, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, তথ্য ও সমাজকল্যাণ সম্পাদক নুর উর রহমান মাহমুদ তানিম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম শিকদার, যুব ও ক্রীড়া সম্পাদক আনিসুর রহমান মিঠু, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য মাসুদ পারভেজ খান ইমরান, মহানগর আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শ্যামল চন্দ্র ভট্টাচার্য, ছাত্রলীগের সাবেক সদস্য মাহবুবুর রহমান, চট্টগ্রামের রাউজান উচ্চবিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক জিএস (সাধারণ সম্পাদক) কাজী ফারুক আহমেদ, আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক মো. শাহজাহান ও আওয়ামী লীগ সদস্য শফিউর রহমান।
জাহিদ পাটোয়ারী/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার
- ২ ফরিদপুরে ফসলি জমি কেটে মাটি বিক্রি, জরিমানা
- ৩ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা
- ৪ নেত্রকোনায় চোরাচালানের ৩ মামলার আসামি স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার
- ৫ টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২