কুমিল্লায় হালিতে ডিমের দাম কমলো ৮ টাকা
কুমিল্লায় একদিনের ব্যবধানে ডিমের দাম হালিতে ৫-৮ টাকা কমেছে। কুমিল্লা মহানগরীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। তবে লাল ডিমের দাম কমলেও হালিপ্রতি হাঁসের ডিমে বেড়েছে ১০ টাকা।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বাজার ঘুরে দেখা যায়, প্রতি হালি লাল ডিম বিক্রি হচ্ছে ৪২-৪৫ টাকা দরে। আর দেশি হাঁস ও মুরগির ডিম বিক্রি হচ্ছে ৭০ টাকা করে।
এরআগে মঙ্গলবার (১৬ আগস্ট) লাল ডিম বিক্রি হয়েছে ৫০-৫৫ টাকা হালি। এছাড়া হাঁসের ডিম ৬০ টাকা এবং দেশি মুরগির ডিম ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।
তবে শহরতলীসহ বিভিন্ন উপজেলায় খুচরা দোকানগুলোতে এখানো প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা দামে।

রাজগঞ্জ বাজারের ব্যবসায়ী মান্না মিয়া জাগো নিউজকে বলেন, ডিমের দাম আজ কমেছে। ডিমের হালি বিক্রি করছি ৪২ টাকা করে। আগে ছিল ৫০ টাকা।
দাম কমার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘কম দামে কিনেছি তাই বিক্রিও করছি কমে। আমরা খুব বেশি লাভ করি না। আউটে (বাইরে) যারা দোকানদারি করেন তারা ৫০-৫৫ টাকায় বিক্রি করেন।’
ডিম কিনতে আসা নগরীর মোগলতুলী এলাকার শাহিন জাগো নিউজকে বলেন, হঠাৎ ডিমের দাম বাড়লো। আবার ৩-৪ দিন পর কমেও গেলো। এই দেশে সিন্ডিকেট ভাঙার কি কেউ নেই? যে যার মতো করে মুনাফা কামিয়ে নিচ্ছেন। সরকারের উচিত শক্ত হাতে মুনাফালোভীদের দমন করা।’

কুমিল্লা জেলা ও মহানগর ডিম ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম জাগো নিউজকে বলেন, ডিমের সরবরাহ বেড়েছে। আমরা এখন কম দামে কিনতে পারছি। এজন্য ভোক্তাদের কাছেও কম দামে বিক্রি করা যাচ্ছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জাগো নিউজকে বলেন, জাগো নিউজে প্রকাশিত সংবাদের সূত্র ধরে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীতে ডিম ও ব্রয়লার মুরগির বাজারে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ইচ্ছামতো দামে ডিম বিক্রি ও মূল্যতালিকা জনসম্মুখে প্রদর্শন না করার দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
জাহিদ পাটোয়ারী/এসআর/জেআইএম