দুধ দিয়ে গোসল করে রাজনীতিকে বিদায় ছাত্রলীগ নেতার
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে আর রাজনীতি না করার ঘোষণা দিয়েছেন আরমিন আহমেদ নামের এক ছাত্রলীগ নেতা।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন আরমিন। পরে মুহূর্তের মধ্যেই সেটি ছড়িয়ে পড়ে।
খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন পর বুধবার (৫ অক্টোবর) পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে আরমিনকে সিনিয়র সহ-সভাপতি করা হয়। পরে এ ঘটনা ঘটান ছাত্রলীগ নেতা আরমিন।
ফেসবুকে দুধ দিয়ে গোসল করার ভিডিও পোস্ট করে ছাত্রলীগ নেতা আরমিন আহমেদ লেখেন, ‘১২ বছর ছাত্রলীগ থেকে আমার অর্জন সাতটি মামলার আসামি। গত এক বছর পুলিশের হয়রানি। পঙ্গু, শূন্য পকেটে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলাম।’
তিনি আরও লেখেন, ‘ছাত্রদল থেকে আগত, বিএনপি পরিবার থেকে আগত কারও কাছে আত্মসমর্পণের চেয়ে বিদায় নেওয়া বেটার সিদ্ধান্ত। রাজনীতিটা বুক দিয়ে নয়, আবেগ দিয়ে করেছি। আবেগে ভেজালের স্থান নেই।’
এ বিষয়ে ছাত্রলীগ নেতা আরমিন আহমেদ বলেন, ‘ছাত্রদল থেকে আসা সভাপতির পদ পাওয়া ব্যক্তির পেছনে রাজনীতি করতে পারবো না। বয়সের কারণে সিনিয়রদের কমিটিতে রাখা হয়নি। ঘোষিত কমিটিতে আমিই সবার সিনিয়র। সভাপতি করা হলে আমাকে করা হবে। আমি কোন পদের প্রার্থী তা না জিজ্ঞেস করেই ফেসবুকে কমিটি ঘোষণা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি দুঃখে দুধ দিয়ে গোসল করে ছাত্র রাজনীতির ইতি টানলাম। তবে পদত্যাগ করিনি। যদি কমিটি পুনর্গঠন করা হয়, তাহলে আমি ছাত্র রাজনীতিতে ফিরে আসবো।’
এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় পোশাকের দামের গরমিল, দুই দোকান মালিককে জরিমানা
- ২ মেয়েকে নিয়ে বাটার শো-রুমে ঢুকতেই শ্রমিক নেতাকে গুলি করে সন্ত্রাসীরা
- ৩ মুন্সিগঞ্জে গণপিটুনিতে জোড়া খুনের ঘটনায় মামলা, গ্রেফতার ৫
- ৪ শেষ হয়নি ফসলরক্ষা বাঁধের কাজ, ঝুঁকিতে হাওরের বোরো ধান
- ৫ তুরস্কে গ্যাস সিলিন্ডার লিকেজে ব্রাহ্মণবাড়িয়ার বাবা-ছেলের মৃত্যু