ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত: ০৭:৪৩ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৬

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাজ ধারণ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ইত্যাদি।

দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে শহীদ হাদিস পার্কস্থ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় কেসিসির ভারপ্রাপ্ত মেয়র মো. আনিছুর রহমান বিশ্বাসসহ প্যানেল মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সকাল ৯ টায় নগর ভবন চত্বরে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেসিসির কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন বনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান ও প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন কেসিসির ভারপ্রাপ্ত মেয়র মো. আনিছুর রহমান বিশ্বাস।

khulna
প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য বলেন, একুশে ফেব্রুয়ারি জাতির সংগ্রামের এক গৌরবদীপ্ত দিন। ভাষার জন্য এই সংগ্রাম আমাদের জাতিগত চেতনাকে শাণিত করেছিল। তিনি বলেন, আত্মত্যাগের বিনিময়ে মাতৃভাষা প্রতিষ্ঠা বিশ্বের ইতিহাসে বিরল। ইতিহাসের এ বিরল ঘটনার স্বীকৃতিস্বরূপ অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করেছে।  

প্রধান বক্তার বক্তৃতায় ভারপ্রাপ্ত মেয়র ভাষা শহীদদের অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, আগামী প্রজন্মকে একুশের চেতনায় উজ্জীবিত করে দেশ প্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিশুদের নিকট ভাষা আন্দোলনে বীর সন্তানদের বিরোচিত আত্মত্যাগ ও তাদের পরিচিতি তুলে ধরার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কেসিসির প্যানেল রুমা খাতুন ও অনুষ্ঠান পরিচালনা করেন কেসিসির কাউন্সিলর মো. আলী আকবর টিপু। অন্যান্যের মধ্যে কেসিসির সংরক্ষিত আসনের কাউন্সিলর আনজিরা খাতুন, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. আরিফ নাজমুল হাসান, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এম এ মাজেদ, কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন হোসেন প্রমুখ বক্তৃতা করেন।

পরে সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আলমগীর হান্নান/এসএস/আরআইপি