ভিড়ে দরজার সামনে দাঁড়িয়ে ছিল শিশু, পড়ে গেলো চলন্ত ট্রেন থেকে
মাথায় আঘাত পাওয়া শিশু শিকদারের চিকিৎসা চলছে
কুমিল্লার লাকসামে চলন্ত ট্রেন থেকে পড়ে শিকদার (১২) নামের এক শিশুর মাথা ফেটেছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে লাকসাম-চাঁদপুর রেল লাইনের লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও মৌলভিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিশু শিকদার কক্সবাজার সদর উপজেলার মাছ বাজার এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
লাকসাম রেলওয়ের স্টেশন মাস্টার সাহাব উদ্দিন জাগো নিউজকে বলেন, শিকদার চাঁদপুরে ঘোরাঘুরি শেষে সাগরিকা ট্রেনে চট্টগ্রাম যাচ্ছিল। ভিড় থাকায় সে ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে থাকে। এক পর্যায়ে চোখে ঘুম ঘুম ভাব এলে ট্রেন থেকে পড়ে যায় সে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লাকসাম সরকারি হাসপাতালে ভর্তি করেন।
লাকসাম সরকারি হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মতিউর রহমান জাগো নিউজকে বলেন, তার মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। তবে আশঙ্কামুক্ত। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জাহিদ পাটোয়ারী/এসজে/এমএস