বাড়িতে প্রেমিকার অনশন: ছাত্রলীগ নেতাকে পদ থেকে অব্যাহতি
দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রায়াগপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাবুল ইসলাম শাওনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হলো। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ফরহাদ হোসেন।
সোমবার (৯ জানুয়ারি) রাত ১০টার দিকে বিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়।
এদিকে শাহাবুল ইসলাম শাওনের বাড়িতে বিয়ের দাবিতে গত তিন দিন ধরে অনশন করছিলেন তার প্রেমিকা। সবশেষ তথ্যমতে সোমবার সন্ধ্যায় শাহাবুল তাকে বিয়ে করেছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক।
জানাতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, গত কয়েক দিন ধরে তার বাড়িতে এক কলেজ শিক্ষার্থী বিয়ের দাবিতে অনশন করেন। ছাত্রলীগ একটি পরিচ্ছন্ন সংগঠন। তার এই কর্মকাণ্ডের দায় সংগঠন নেবে না। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে, শুক্রবার দুপুর থেকে বিয়ের দাবিতে শাহাবুল ইসলাম শাওনের বাড়িতে অনশন করেন পার্শ্ববর্তী মুকুন্দপুর ইউনিয়নের বাদমুখা এলাকায় কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী। বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনা শুরু হয়। সেই দিন থেকেই বাড়ি থেকে পালিয়ে ছিলেন শাহাবুল। পরে সোমবার সন্ধ্যায় ঘোড়াঘাট রানিগঞ্জ এলাকায় ওই মেয়েকে বিয়ে করেন শাহাবুল।
মো. মাহাবুর রহমান/কেএসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬