নিখোঁজের পর যমুনায় মিললো কিশোরের বস্তাবন্দি মরদেহ
পাবনার বেড়া উপজেলায় নিখোঁজের দুইদিন পর রাজু (১৩) নামে এক কিশোরের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে উপজেলার নতুন ভাঙ্গা ইউনিয়নের কাতলাগারা করিয়াল এলাকার যমুনা নদী থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাজু বেড়া উপজেলার নতুন ভাঙ্গা ইউনিয়নের বাগশোয়াপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে ইঞ্জিনচালিত ভ্যান চালিয়ে পরিবারের খরচ যোগাতে সহায়তা করতো।

স্থানীয়রা জানান, মঙ্গলবার প্রতিদিনের মতো ভ্যানগাড়ি নিয়ে স্থানীয় রাকশা বাজারে যায় রাজু। কিন্তু সে দুপুরে বাড়িতে খেতে আসেনি। বিকেল পর্যন্ত বাড়ি না আসায় পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করে। এরপর বুধবার সন্ধ্যায় বেড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
বৃহস্পতিবার সকালে যমুনা নদীর এক নৌকার মাঝি নদীতে বস্তাবন্দি ওই কিশোরের মরদেহ ভাসতে দেখে। এরপর কিশোরের স্বজনরা এসে বস্তা খুলে রাজুর মরদেহ শনাক্ত করেন। খবর পেয়ে বেড়া মডেল থানা পুলিশ ও নগরবাড়ী নৌ-পুলিশ সদস্যরা মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরের জামাকাপড় নদী পাড়ে পড়েছিল। তার দেহে কোনো বস্ত্র ছিল না।

নিহতের বাবা আব্দুর রাজ্জাক জানান, তার ছেলের ভ্যানগাড়িটি পাওয়া যায়নি। তার ধারণা, ভ্যানগাড়ি ছিনতাইয়ের জন্য তার ছেলেকে হত্যা করা হতে পারে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, দুপুর দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। নৌ-পুলিশও ঘটনাস্থলে রয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হচ্ছে।
তিনি বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য এখনো জানতে পারিনি। তবে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করে কেউ নদীতে ফেলে দিতে পারে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আমিনুল ইসলাম জুয়েল/এমআরআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬