লক্ষ্মীপুরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতন
লক্ষ্মীপুর সদর উপজেলার সৈয়দপুর গ্রামে যৌতুকের ২ লাখ টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী কামরুজ্জামান সুমনের বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার (৪ মার্চ) রাতে গৃহবধূ মর্জিনার বাবা মনির হোসেন চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
আহত ইয়াসমিন আক্তার মর্জিনাকে (২৯) গুরুতর অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
অভিযোগে জানা গেছে, প্রায় দশ বছর আগে দত্তপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আমীন খানের ছেলে সুমনের সঙ্গে পার্শ্ববর্তী গোপালপুর গ্রামের মর্জিনার বিয়ে হয়। এরপর থেকে সুমন শ্বশুর বাড়ির কাছ থেকে যৌতুক দাবি করে আসছিলেন। যৌতুক না পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় স্ত্রী মর্জিনাকে এলোপাতাড়ি মারধর করে আহত করেন তিনি। পরে খবর পেয়ে বাবার বাড়ির লোকজন ও স্থানীয়রা মর্জিনাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
মর্জিনার বাবা মনির হোসেন জানান, বিয়ের পর সুমন তার কাছে বাড়ি করার জন্য ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। মেয়ের সুখের কথা ভেবে তিনি ৩ লাখ টাকা দেন। সম্প্রতি বিদেশ ফেরত সুমন আরও দুই লাখ দাবি করেন। ওই টাকা না পেয়ে ৪ মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে মারধর করেছেন সুমন।
চন্দ্রগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কাউছার জানান, গৃহবধূ নির্যাতনের ঘটনায় তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
কাজল কায়েস/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু, আহত ৪
- ২ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ৩ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৫ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে