‘৫০০ কোটি’ টাকার বাড়ির মালিকের নামে মামলা
বগুড়ায় কথিত ৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাড়ির মালিক সাখওয়াত হোসেনের (৬৫) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জ্ঞাত আয়বহির্ভূতভাবে ৯ কোটি ৩২ লাখ ১৩ হাজার ৮৬১ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করায় রোববার (৯ এপ্রিল) দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ে মামলাটি করা হয়। মামলার বাদী সংস্থাটির সহকারী পরিচালক মো. কামরুজ্জামান।
সাখওয়াত হোসেন এএইচজেডি এগ্রো ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও বগুড়ার শিবগঞ্জের দেউলি গ্রামের মৃত আব্দুল হাই সরকারের ছেলে। ওই গ্রামেই কথিত ৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত শ্বেতপাথরে তৈরি দৃষ্টিনন্দন একটি বাড়ির মালিক তিনি। বর্তমানে ওই বাড়িতে কেউ বসবাস করেন না। শুধু একজন কেয়ারটেকার রয়েছেন দেখাশোনার জন্য।
বাড়ির মালিক সাখওয়াত হোসেন টুটুল ২০১৮ সালে দুদকের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। ওই বছর ঢাকার মতিঝিল থানায় একটি ব্যাংকের ঋণখেলাপির মামলায় গ্রেফতার হওয়ার পর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
দুদক বলছে, সাখওয়াত হোসেনকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ দেওয়া হয়। তিনি ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি তার সম্পদ বিবরণী দাখিল করেন।
সাখওয়াতের দেওয়া সম্পদ বিবরণীতে দেখা যায়, তার স্থাবর-অস্থাবর মিলে সম্পদের পরিমাণ ১৮ কোটি ৫৭ লাখ ৫৭ হাজার ৮৩৭ টাকা। কিন্তু যাচাইকালে তার স্থাবর-অস্থাবর মিলে গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৯ কোটি ২৫ লাখ ৪৩ হাজার ৯৬৭ টাকার। এ হিসেবে সাখওয়াত জ্ঞাত আয়বহির্ভূতভাবে ৯ কোটি ৩২ লাখ ১৩ হাজার ৮৬১ টাকার সম্পদ ভোগ-দখল রেখেছেন।
মামলার বাদী দুদকের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান বলেন, অবৈধভাবে সম্পদ অর্জন করায় সাখওয়াত হোসেনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূতভাবে ৯ কোটি ৩২ লাখ ১৩ হাজার ৮৬১ টাকার সম্পদ ভোগ-দখলের হিসেবে পাওয়া গেছে। তদন্তে টাকার অংক আরও বাড়তে পারে।
এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- ২ ছিনতাইকারীর ধাক্কায় ছিটকে পড়লেন অটোরিকশার চালক, গাড়িচাপায় গেল প্রাণ
- ৩ যশোরে ভেজাল মবিল তৈরি, কারখানা মালিকের লাখ টাকা জরিমানা
- ৪ মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করে প্রাণ গেলো বাবার
- ৫ সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই