ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বই কেটে নকল সরবরাহ, ২ শিক্ষককে হাতেনাতে ধরলেন ইউএনও

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ১০:৪০ এএম, ০১ মে ২০২৩

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বই কেটে পরীক্ষার্থীদের নকল সরবরাহের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ধরা পড়েছেন দুই শিক্ষক। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রোববার (৩০ এপ্রিল) এসএসসি ও দাখিল পরীক্ষা চলাকালে উপজেলার দাউদকান্দি মদিনাতুল উলুম মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

গ্রেফতার শিক্ষকরা হলেন- দাউদকান্দি উপজেলার কাউয়াদি মাদরাসার আরবি শিক্ষক মাওলানা মো. শাহ জালাল ও মাওলানা মো. সানা উল্লাহ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিনুল ইসলাম রাতে জাগো নিউজকে বলেন, পরীক্ষা চলকালে মদিনাতুল উলুম মাদরাসা কেন্দ্রে নকল সরবরাহের একটা ভিডিও এক ব্যক্তি আমাকে পাঠায়। ভিডিওটি পাওয়ার পর দ্রুত ওই কেন্দ্রে গিয়ে দেখি প্রশ্ন কপি করে উত্তর খুঁজে বের করেন। সেই উত্তর বই থেকে কেটে শিক্ষার্থীদের সরবরাহ করছিলেন শাহ জালাল ও সানা উল্লাহ। এ সময় তাদের আটকের পর পুলিশে দেওয়া হয়।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া জাগো নিউজকে বলেন, আটক দুই শিক্ষকের বিরুদ্ধে ওই কেন্দ্রের ইনচার্জ মাওলানা নজরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছেন। পরে ওই মামলায় দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।

জাহিদ পাটোয়ারী/এসজে/জিকেএস