ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যুবলীগ নেতা হত্যায় আরও তিনজন গ্রেফতার, ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০২:২১ পিএম, ০৮ মে ২০২৩

আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন (৪০) হত্যাকাণ্ডের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৮ মে) সকালে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল মান্নান।

গ্রেফতাররা হলেন তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের মৃত কালু মিয়ার ছেলে রবি (৩৩), একই গ্রামের মৃত আসাদ মিয়ার ছেলে শাহ পরান (৩৪) ও পালপুর গ্রামের সামছুল হকের ছেলে সুমন হোসেন (২৭)।

পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, হত্যাকাণ্ডের পর সিসিটিভি ফুটেজ সংগ্রহ, গোয়েন্দা তথ্য এবং তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার রাতে নারায়ণগঞ্জের মদনপুরে অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে, হত্যাকাণ্ডে ব্যবহৃত কালো হায়েস গাড়িটি গৌরীপুর এলাকার তার ভাড়া বাসার পাশে খালি জায়গা থেকে জব্দ করা হয়।

তিনি বলেন, পরে অভিযান চালিয়ে রবি ও শাহ পরানকে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। সেইসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

যুবলীগ নেতা হত্যায় আরও তিনজন গ্রেফতার, ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

এর আগে শনিবার রাতে ঢাকা ও চট্টগ্রামে র্যাব-১১ পৃথক অভিযান চালিয়ে তিতাস উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম ওরফে সোহেল শিকদার (৪০), উপজেলার জিয়ারকান্দি গ্রামের খুরশিদ মিয়ার ছেলে মো. ইসমাইল (৩৬) ও দাউদকান্দি উপজেলার গোপচর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে শাহ আলমকে (৩৬) গ্রেফতার করা হয়।

এর আগে ৩০ এপ্রিল রাত সোয়া ৮টার দিকে জামাল হোসেন এশার নামাজ পড়তে গৌরীপুর পশ্চিম বাজার বায়তুন নুর জামে মসজিদের দিকে যাচ্ছিলেন। এসময় বোরকা পরিহিত তিন দুর্বৃত্ত মসজিদ গলিতেই তাকে একাধিক গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের দুইদিন পর ২ মে রাত সাড়ে ১১টায় তার স্ত্রী পপি আক্তার বাদী হয়ে দাউদকান্দি থানায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আটজনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার আসামিরা হলেন তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের সুজন, আরিফ হোসেন, ইসমাইল হোসেন, মনাইরকান্দি গ্রামের শাহিনুল ইসলাম ওরফে সোহেল শিকদার, জিয়ারকান্দি গ্রামের বাদল, শাকিল, দাউদকান্দির গোপচর গ্রামের শাহ আলম, তিতাসের জিয়ারকান্দি গ্রামের অলি হাসান ও কালা মনির।

জাহিদ পাটোয়ারী/এমআরআর/জেআইএম