কাঁচা রাস্তা পাকা করতে ধানগাছ রোপণ
সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী। সড়কটিতে চলাচলে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়ে আসলেও স্থানীয় জনপ্রতিনিধিদের কোনো নজর নেই সেদিকে। তাই রাস্তার ওপর ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (১ আগস্ট) সড়কটিতে এমন চিত্রই দেখা যায়।
স্থানীয় বাসিন্দা তরুণ মন্ডল জাগো নিউজকে জানান, স্বাধীনতা অর্জনের ৫২ বছর অতিক্রম করলেও আমাদের রাস্তার উন্নয়নে কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। স্থানীয় জনপ্রতিনিধিদের বার বার বলা সত্ত্বেও তারা কলাগাছি গ্রামের রাস্তাটি যেন চোখে দেখেন না। বিকল্প কোনো রাস্তা না থাকায় হাঁটু সমান কাদা মাড়িয়েই চলাচল করতে হয় স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ সর্বস্তরের মানুষকে। বছরের প্রায় ৫-৬ মাস ভোগান্তির শিকার হতে হয় তাদের। তাই ধান রোপণ করে প্রতিবাদ জানানো হয়েছে।

স্থানীয়রা জানান, বৃষ্টির দিনে জুতা হাতে নিয়েই দুই কিলোমিটার রাস্তা কাদা মাড়িয়ে যাতায়াত করতে হয়। রাস্তার বেহাল দশার কারণে কৃষকরা পণ্য বাজারজাত করতে পারেন না। কয়েক যুগ কেটে যাচ্ছে, কিন্তু রাস্তার কোনো উন্নয়ন নেই। চেয়ারম্যান-মেম্বাররা আসে-যায়। রাস্তার কোনো উন্নয়ন হয় না। ভোটের সময় আশ্বাস দেন, পরে তারা ভুলে যান।
এ বিষয়ে খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু জাগো নিউজকে বলেন, রাস্তাটির অবস্থা দীর্ঘদিন ধরে খারাপ। রাস্তাটি দ্রুত পাকা করা প্রয়োজন। বিষয়টি আমি তালা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি। আশা করি তারা দ্রুত পদক্ষেপ নেবেন।
আহসানুর রহমান রাজীব/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাদক নিরাময় কেন্দ্র থেকে পিস্তল-গুলিসহ পরিচালক-কর্মচারী আটক
- ২ ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে চার গ্রামের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৩ গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু
- ৪ সংস্কৃতিচর্চায় শিশুদের এগিয়ে নিলে কমবে সামাজিক ব্যাধি: ডেপুটি স্পিকার
- ৫ সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ দুই বনদস্যু আটক, জিম্মি ৩ জেলে উদ্ধার