ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘নির্বাচন ঘিরে সীমান্ত দিয়ে আসা অবৈধ অস্ত্র ঠেকাতে সতর্ক বিজিবি’

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৮:৫০ পিএম, ৩১ আগস্ট ২০২৩

নির্বাচনের আগে সীমান্ত দিয়ে আসা অবৈধ অস্ত্র ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক রয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) কুমিল্লার আদর্শ সদরে সমন্বিত চেকপোস্ট পরিদর্শন শেষে এ কথা বলেন মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান।

মেজর জেনারেল একেএম নাজমুল হাসান বলেন, নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র নিয়ে আসার চেষ্টা করছে সন্ত্রাসীরা। সীমান্ত দিয়ে দেশে অবৈধ অস্ত্র গোলাবারুদ যেন আসতে না পারে সেজন্য বিজিবির পক্ষ থেকে আরও বেশি কাজ করা হচ্ছে। নির্বাচন উপলক্ষ্যে সীমান্ত নিরাপত্তা ছাড়াও দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতের জন্য বাহিনীটি প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন: ভারত থেকে অনুপ্রবেশের সময় আটক ৬

বিবির বাজার সীমান্ত পরিদর্শনের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গোকুলনগর সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার রাজেশ সিং কানওয়ার বিজিবির মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান। পরে বিএসএফের পক্ষে থেকে বিজিবি মহাপরিচালককে মিষ্টির প্যাকেট উপহার দেওয়া হয়।

এর আগে সকালে বিজিবির মহাপরিচালক কুমিল্লা বিজিবির সেক্টর ও ব্যাটালিয়নের বিভিন্ন ইউনিটের অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করেন।

‘নির্বাচন ঘিরে সীমান্ত দিয়ে আসা অবৈধ অস্ত্র ঠেকাতে সতর্ক বিজিবি’

পরে মেজর জেনারেল একেএম নাজমুল হাসান ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধীন মজুমদারহাট বিওপি, বিলোনিয়া আইসিপি ও মুহুরির চর পরিদর্শন করেন এবং সৈনিকদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।

এ সময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডার, কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়ক, কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেডআইপি/আরএইচ/জেআইএম