অফিসের কাজে এসে উঠলেন আবাসিক হোটেলে, পরদিন মিললো মরদেহ
ফাইল ছবি
মাগুরায় একটি আবাসিক হোটেল থেকে ইব্রাহীম উদ্দিন (৪৭) নামে এক চাকরিজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের ঢাকা রোড এলাকায় অবস্থিত সৈকত হোটেলের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ইব্রাহীম উদ্দিন রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিসিকে অবস্থিত তারা বিস্কুট নামের একটি কোম্পানিতে সহকারী মহা ব্যবস্থাপক (এজিএম) হিসেবে চাকরি করতেন।
সৈকত হোটেলের ব্যবস্থাপক মাসুদুল হক জানান, সোমবার রাতে ওই ব্যক্তি কোম্পানির কাজে এসেছেন বলে হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। খাবার খেয়ে রাত ১০টার দিকে কক্ষে ঢোকেন। সকালে ওই ব্যক্তির স্ত্রী হোটেলের ব্যবস্থাপককে কল করে জানান, ইব্রাহীম উদ্দিনের ফোনে কল করে পাওয়া যাচ্ছে না। এরপর জানালা দিয়ে হোটেলের লোকজন দেখতে পান, ওই ব্যক্তি বিছানায় শুয়ে আছেন। এমন পরিস্থিতিতে পুলিশকে জানানো হয়।
আরও পড়ুন: স্বামী দ্বিতীয় বিয়ের কথা বলায় নিখোঁজ স্ত্রী, ডোবায় মিললো মরদেহ
ইব্রাহিমের স্ত্রী নাসরিন আক্তার জানান, তার স্বামী কোম্পানির কাজে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন। এরই ধারাবাহিকতায় তিনি সোমবার মাগুরা যান। রাত সাড়ে ৯টার দিকে ইব্রাহিমের সঙ্গে তার শেষ কথা হয়েছিল। কিন্তু সকাল ৮টা থেকে মোবাইলে কল দিয়ে পাচ্ছিলেন না। পরে হোটেলের ব্যবস্থাপককে কল করেন তিনি।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দরজা ভেঙে আমরা ভেতরে প্রবেশ করি। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
জেএস/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জ্বালানি সংকটে স্বস্তি দিচ্ছে জিকে ক্যানাল, কৃষকের মুখে হাসি
- ২ বৈধ চেয়ারম্যান অচল, ট্রাস্টি বোর্ডের বিভক্তিতে সংকটে বিশ্ববিদ্যালয়
- ৩ ৫৮ চা বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া, অনিশ্চয়তায় শ্রমিকরা
- ৪ পাম্পে বোতলে তেল বিক্রির ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ
- ৫ ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি নিয়মের বাইরে থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী