গাইবান্ধা
সেলুনে পাঠাগার, অপেক্ষার সময় কাটবে বই পড়ে
সেলুনে আসা অপেক্ষমাণ গ্রাহকদের বই পড়ায় উৎসাহিত করতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ‘বই ঘর সেলুন পাঠাগার’ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় গাইবান্ধার এক টাকার মাস্টারখ্যাত প্রবীণ শিক্ষক মো. লুৎফর রহমান ফুলছড়ি উপজেলা মদনের পাড়া এলাকার ‘অলি হেয়ার কাটিং’ সেলুনে এ পাঠাগারের উদ্বোধন করেন।
এসময় বই ঘর পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. মেহেদী হাসান, কোষাধ্যক্ষ মো. নিশাদ বাবু, সদস্য মো. ফুয়াদ হাসান, মো. সাগর মিয়া, মো. রবিউল ইসলাম, মো. ফারদিন, সেলুন মালিক ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ঝালকাঠিতে 'সেলুন লাইব্রেরি'
সেলুনের মালিক ওমর ফারুক বলেন, আমার সেলুনে অধিকাংশ যুবকেরা চুল কাটাতে ও শেভ করতে আসে। যখন লম্বা সিরিয়াল থাকে তখন ফোন টিপে ও গেম খেলে সময় নষ্ট করে। আমার সেলুনে বই ঘর সেলুন পাঠাগার স্থাপন করতে চাইলে আমি সম্মতি দেই। যুব সমাজকে আলোকিত করতে হলে বই পড়ার বিকল্প নেই।
বই ঘর পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. মেহেদী হাসান জাগো নিউজকে বলেন, জ্ঞানপিপাসুদের কথা মাথায় রেখে এবার বই ঘর সেলুন পাঠাগার চালু করা হয়েছে। বাইরে থেকে সেলুনকে অন্যসব সেলুনের মতোই মনে হবে। কিন্তু সেলুনের ভেতরে একটি অংশে জ্ঞানপিপাসুদের জন্য বই রাখা হয়েছে। তারা যেন সময় অপচয় না করে, সেজন্য এই পাঠাগার গড়ে তোলা হয়েছে। পাঠাগারে বিভিন্ন রকমের বই সাজানো আছে।
তিনি আরও বলেন, এই পাঠাগারে আপাতত ৩০টি বই দেওয়া হয়েছে। প্রতিমাসে নতুন বই দেওয়া হবে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন সেলুনে জ্ঞানপিপাসুদের জন্য আরও পাঠাগার গড়ে তোলা হবে।
শামীম সরকার শাহীন/জেএস/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাগুরায় অভিযোগ বাক্স উদ্বোধন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
- ২ খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ৬ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ
- ৩ মা হারালেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা
- ৪ মন্ত্রী হয়ে রাজশাহী গিয়ে তিন ইচ্ছার কথা জানালেন মিনু
- ৫ সোমবার থেকে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, ছেঁউড়িয়ায় বাড়ছে ভক্তদের ভিড়