ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মংলা বন্দরে আমদানি নিষিদ্ধ ৮০টি মোটরসাইকেল আটক

প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ২৯ মার্চ ২০১৬

মংলা বন্দরে আমদানি নিষিদ্ধ ৩টি কন্টেইনার বোঝাই ৮০টি মোটরসাইকেল আটক করেছে মংলা কাস্টমস হাউজ। শুল্ক ফাঁকি ও ঘোষণা বহির্ভুত অতিরিক্ত প্রায় সাড়ে ৬শ’ সিসির আমদানি নিষিদ্ধ গাড়ি আমদানি করার অভিযোগে গাড়িগুলো আটক করা হয়েছে।

মংলা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার মো. জাহাঙ্গীর আলম জানান, ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স হোসেন অটো এন্টারপ্রাইজ গত ফেব্রুয়ারি মাসে কোরিয়া থেকে ৮০টি মোটরসাইকেল আমদানি করে। দক্ষিণ কোরিয়ার বুসান বন্দর থেকে বিদেশি জাহাজ এমভি স্যাং জরজিং গত ৬ ফেব্রুয়ারি মংলা বন্দরে এসে কন্টেনাইর তিনটি খালাস করে চলে যায়। এরপর আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স শাহরিয়ার শিপিং এজেন্ট মোটরসাইকেল ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে।

কিন্তু গত বৃহস্পতিবার (২৪ মার্চ) গাড়িগুলোর কায়িক পরীক্ষা শুরু করা হয়। এসময় আমদানিকারকের দেয়া ঘোষণাপত্রের সঙ্গে কন্টেইনারের গাড়ির সিসির মিল না থাকায় তিনি কন্টেইনার সিল করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার বন্দরের জেটিতে থাকা তিন কন্টেইনারের মোটরসাইকেল আটক করে আইনি পদক্ষেপের ব্যবস্থা করেন তিনি।

মো. জাহাঙ্গীর আলম আরো জানান, আমদানিকারক ৮০টি মোটরসাইকেলের দাম দেখিয়েছেন মাত্র ২২ লাখ ৮০ হাজার টাকা। যার গাড়ি প্রতি মূল্য মাত্র ২৮ হাজার ৫ শত টাকা। বর্তমানে গাড়ির বাজার মূল্য হবে সাড়ে তিন কোটি টাকার বেশি। এছাড়া ১৫৫ সিসির বেশি আমদানি নিষিদ্ধ থাকলেও আমদানিকারক ১২৫ সিসির গাড়ি এনেছেন ৬২টি, ২৫০ সিসির ১৬টি ও ৬৫০ সিসির ২টি। অথচ ঘোষণাপত্রে ছিল ১৫০ সিসি।

মঙ্গলবার কায়িক পরীক্ষার সময় উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার মো. জাহাঙ্গীর আলম, সহকারী রাজস্ব কর্মকর্তা শাহীন কবির, কানু কুমার মিত্র, সহকারী কমিশনার এসএম আরেফিন জাহিদি। সূত্র জানায়, গত দুই মাসে মংলা বন্দরে আসা ৪৫০টি চালানের মধ্যে ২০০টিতে অনিয়ম ধরা পড়ে।

আলমগীর হান্নান/বিএ