পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা
নারায়ণগঞ্জ শহরে পুলিশের উপর হামলা চালিয়ে গ্রেফতারকৃত তিন আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে আসামিদের সহযোগীরা। এসময় কয়েকজন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে তারা। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে আসামিদের থানায় নিয়ে আসে।
এদিকে আসামিদের পুলিশ নিয়ে যাওয়ার পর আসামিদের সহযোগীরা মামলার বাদীকে বেধড়ক পিটিয়েছে। এতে করে এলাকায় দেখা দিয়েছে চরম উত্তেজনা। বুধবার রাতে শহরের নিতাইগঞ্জ ডাইলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় নিতাইগঞ্জের ডাইলপট্টি এলাকার এসআর মার্কেটের মিজানুর রহমান ভূইয়ার মালিকানাধীন এমআর ভূইয়া ট্রেডার্সের দেয়াল ভেঙে ৩০০ বস্তা ডাল লুটের ঘটনা ঘটে। ওই ঘটনায় পরদিন মিজানুর রহমান ভূইয়া বাদী হয়ে একই এলাকার মৃত মতিউর রহমানের ছেলে ফয়সাল রহমান, মন্ডলপাড়া এলাকার মাহবুব খান ও সুমন খানকে আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
বুধবার রাতে সদর মডেল থানার এসআই মিলন বর্মনের নেতৃত্বে একটি টিম ডাইলপট্টি এলাকা থেকে আসামিদের গ্রেফতার করলে শ্রমিক নেতা মাসুদের নেতৃত্বে একদল শ্রমিক অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ঘিরে ফেলে আসামিদের ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে খবর পেয়ে সদর মডেল থানার সেকেন্ড অফিসার এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসামিদের থানায় নিয়ে যায়।
এদিকে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পরে শ্রমিক নেতা মাসুদের নেতৃত্বে মামলার বাদী মিজানুর রহমান ভূইয়াকে মারধর করে ও তার পোশাক ছিড়ে ফেলে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মামলার আসামিদের থানায় নিয়ে আসা হয়েছে এবং পুলিশের উপর হামলাকারীদের গ্রেফতারের অভিযান চলছে।
শাহাদাত হোসেন/বিএ