ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে কোটি টাকার কারেন্ট জাল জব্দ

প্রকাশিত: ০৭:২৯ এএম, ৩১ মার্চ ২০১৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধার করেছে পাগলা কোস্টগার্ড স্টেশন। পরে বৃহস্পতিবার সকালে  সেটি পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার রাতে অভিযান চালিয়ে কারেন্ট জাল উদ্ধার করে বৃহস্পতিবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আক্তার চৌধুরীর উপস্থিতিতে এসব কারেন্টজাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

কোস্ট গার্ড পাগলা স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ জানান, টিম লিডার পেটি অফিসার এম আমিনুল হকের নেতৃত্বে একটি অপারেশন দল বুধবার রাত ৮টায় বুড়িগঙ্গায় অভিযান চালিয়ে ‘এমভি কাজল-৭’ যাত্রীবাহী লঞ্চ থেকে মালিকবিহীন অবস্থায় ৫ লাখ ৭৬ হাজার ৮শ বর্গ মিটার কারেন্ট জাল উদ্ধার করে। এর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১৫ লাখ ৩৬ হাজার টাকা।

শাহাদাত হোসাইন/এফএ/এমএস