ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ধর্মে জঙ্গিবাদ-সন্ত্রাসের স্থান নেই: ইফা মহাপরিচালক

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৫:১৫ এএম, ২৬ নভেম্বর ২০২৩

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. বশিরুল আলম বলেছেন, ধর্মের জায়গায় জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোনো স্থান নেই। জঙ্গি-সন্ত্রাসীদের ধর্ম, জাত-দল কিছুই নেই। ইমামরা যখন সাধারণ মানুষকে বিষয়গুলো বুঝিয়েছেন তখন সমাজ থেকে জঙ্গি-সন্ত্রাসী কমেছে।

তিনি বলেন, একসময় পরিবার পরিকল্পনা নিয়ে সমস্যা ছিল, গুজব-ভ্রান্ত ধারণা ছিল। যেদিন থেকে ইমামরা মিডিয়ায় কথা বলা শুরু করেছেন, ধর্মের বিধানের আলোকে এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করেছেন তখন মানুষ বিষয়টিকে গ্রহণ করেছে।

শনিবার (২৫ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইমামদের সঙ্গে নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ নিরোধ, গুজব প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক।

ড. বশিরুল আলম বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনের কাজের পরিধি ব্যাপকভাবে বেড়েছে। এজন্য সমাজের সব বিষয়ে ইমামদের সহযোগিতা সরকার গ্রহণ করছে। দেশে সরকারের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পে প্রায় ৭৬ হাজার কেন্দ্রে শিক্ষক-শিক্ষিকা এবং ইমামরা শিশু বাচ্চাদের কোরআন শিক্ষাসহ প্রাক প্রাথমিক পর্যায়ে কাজ করছে। প্রায় ২৮-২৯ বছর ধরে প্রকল্পটি কাজ করছে।

তিনি বলেন, বেশিরভাগ প্রকল্পই ৩-৪ বছরের মধ্যে মেয়াদ শেষে কার্যক্রম শেষ হয়ে যায়। কিন্তু সরকার এ প্রকল্পটির গুরুত্ব বুঝতে পেরে সপ্তমবারের মতো মেয়াদ বাড়িয়েছে। আমরা যারা প্রকল্পটির সঙ্গে কাজ করছি, আমাদের মনে হচ্ছে না প্রকল্পটি কখনো বন্ধ হবে।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার।

মতবিনিময় সভা শেষে জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রেষ্ঠ ইমাম ও শ্রেষ্ঠ খামারিদের মধ্যে সনদ ও চেক বিতরণ করা হয়।

জাহিদ পাটোয়ারী/এসআর