পাঁচ দফা দাবিতে অচল খুলনার জুট মিলগুলো
পাট শিল্পকে বাঁচিয়ে রাখার স্বার্থে অবিলম্বে মিলগুলোকে পূর্ণাঙ্গ উৎপাদনমুখী করাসহ ৫ দফা দাবিতে শ্রমিকদের লাগাতার ধর্মঘটে অচল হয়ে পড়েছে খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ব পাটকলগুলো। প্রায় ৩৫ হাজার শ্রমিক এই ধর্মঘটে অংশগ্রহণ করছে। সোমবার সকাল থেকে রাষ্ট্রায়ত্ব জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের আহ্বানে ৭টি রাষ্ট্রায়ত্ব মিলে এ কর্মসূচি পালিত হচ্ছে।
শ্রমিক নেতারা জানান, পাট শিল্পকে বাঁচিয়ে রাখার স্বার্থে মিলগুলোকে পূর্ণাঙ্গ উৎপাদনমুখী করার জন্য পাটখাতে প্রয়োজনীয় অর্থ ছাড়, পে-কমিশনের ন্যায় অবিলম্বে রাষ্ট্রায়ত্ব শিল্পে শ্রমিকদের জন্য মজুরি কমিশন বোর্ড গঠন, ২০১৩ সালের ১ জুলাই ঘোষিত ২০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে গত রোববার এ ধর্মঘটের ডাক দেয়া হয়। এই দাবি আদায়ে ইতোপূর্বে রাজপথ, রেলপথ অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে শ্রমিকরা।
সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের সদস্য সচিব জাকির হোসেন বলেন, পূর্বের ডাকা চতুর্থ ধাপের ২১ দিনের কর্মসূচি অনুযায়ী ৩ এপ্রিলের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির ঘোষণা ছিল। সে অনুযায়ী দাবি বাস্তবায়ন না হওয়ায় সোমবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য লাগাতার এ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। দাবি আদায় না হলে ধর্মঘটের পাশাপাশি মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত আবারো রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে।
তিনি আরও জানান, খালিশপুরের প্লাটিনাম, ক্রিসেন্ট, দিঘলিয়ার স্টার, আটরা শিল্প এলাকার আলীম, ইস্টার্ন, নওয়াপাড়া শিল্প এলাকার জেজেআই ও কার্পেটিং জুট মিলের ৩৫ হাজার শ্রমিক মিল বন্ধ করে ধর্মঘট পালন করছেন। শ্রমিকরা রুটি-রুজির দাবিতে রাজপথে নেমেছেন। দাবি আদায় না করে শ্রমিকরা ঘরে ফিরবেন না বলেও জানান তিনি।
আলমগীর হান্নান/এসএস/এমএস