ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে পুলিশি বাধায় বিএনপির মিছিল পণ্ড

প্রকাশিত: ০৮:৩৫ এএম, ০৪ এপ্রিল ২০১৬

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বরিশালে বিএনপির সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করতে চাইলে তা বের হতে দেয়নি পুলিশ। সোমবার  বেলা ১১টার দিকে নগরীর সদর রোড অশ্বিনী কুমার হল চত্বর সংলগ্ন দলীয় কার্যালয়ে আসার পথে এবং সমাবেশ শেষে দুই দফায় মিছিলে বাধা দেয় পুলিশ।

বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানায়, মহানগর বিএনপি আয়োজিত এই সমাবেশ নগরীর জেল খানার মোড় থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে আসার পথে তাতে বাধা দেয় পুলিশ। এরপর মৌনতা অবলম্বন করে দলীয় কার্যালয়ে এসে সমাবেশ করে বিএনপির নেতা কর্মীরা।

জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন সমাবেশে সভাপতিত্ব করেন।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার বলেন, ক্ষমতা কুক্ষিগত করতে একনায়কতান্ত্রিক পদ্ধতিতে প্রহসনমূলক নির্বাচন করে চলছে সরকার। যার কারণে গণতন্ত্র বিসর্জিত হয়েছে। গণতন্ত্র রক্ষায় আন্দোলনরত আমাদের সভানেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিহিংসামূলক গ্রেফতারি পরোয়ানা জারী করা হয়েছে। সরকারের এই অনিয়মের প্রতিবাদে সবাইকে রাজপথে নামার আহ্বান জানান তিনি।
 
এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা আবুল হোসেন খান, সরফুদ্দিন আহমেদ, মহানগর বিএনপির জিয়াউদ্দিন সিকদারসহ অন্যরা।

সাইফ আমীন/এফএ/আরআইপি