ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনায় ওসির বিরুদ্ধে নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ

প্রকাশিত: ০৭:৩০ এএম, ০৫ এপ্রিল ২০১৬

খুলনার কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্র নাথ সরকারের বিরুদ্ধে নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম বাহারুল আলম। মঙ্গলবার দুপুর ১২ টায় খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিতভাবে এই অভিযোগ করেন তিনি।

এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচনের প্রচারণা শুরুর আগ থেকে তিনি পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে। তার পক্ষপাতিত্বমূলক আচরণের কারণে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম জাল ভোটের উৎসব পালন করেন নির্বাচনের দিন।

অন্যদিকে, আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধর করা হয়। শুধু জালভোট দিয়ে ক্ষান্ত হয়নি শফিকুল ইসলাম। ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রশ্রয়ে পুলিশের সামনেই আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর, বাহারুল ইসলামসহ নেতাকর্মীদের উপর হামলা চালায়। এই সন্ত্রাসী হামলার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকও আহত হয়।

সম্মেলনে আরও বলা হয়, এ সকল অভিযোগ করতে গেলে থানায় অভিযোগ নেয়া হয়নি। বরং তার ও তার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। তিনি কয়রার আইন শৃঙ্খলা রক্ষায় দুর্ণীতিপরায়ণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্র নাথ সরকারের অপসারণ দাবি করেন। এছাড়াও ছাত্রলীগের নব ঘোষিত থানা কমিটি দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ারও দাবি জানান।

আলমগীর হান্নান/এসএস/এমএস