ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৯:৪৬ এএম, ০৫ এপ্রিল ২০১৬

গাজীপুরে স্ত্রীকে নির্যাতন করে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক এ রায় দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত কাওসার (৩৩) বরিশালের বাকেরগঞ্জ থানার বাদলপাড়া গ্রামের মো. আছমত আলী শিকদারের ছেলে।

গাজীপুর জজ আদালতের পিপি অ্যাড. হারিছ উদ্দিন আহামদ জানান, কাওসার তার স্ত্রী নারজিনা খাতুনকে (২২) নিয়ে গাজীপুর সাইনবোর্ডের খাইলকুর এলাকার মো. রাজু মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় সোয়েটার কারখানায় চাকরি করতেন। বিয়ের পর থেকেই স্বামী কাওসার তার স্ত্রী নারজিনাকে মারধর ও নির্যাতন করতেন।

২০১১ সালের ৯ ডিসেম্বর রাতে কাউসার তার স্ত্রী নারজিনাকে মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় এলাকাবাসী স্বামী কাওসারকে আটক করে পুলিশে সোপর্দ করে। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বোন মুন্নি আক্তার বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন।

তিনি আরো জানান, মামলার তদন্ত কর্মকর্তা জয়দেবপুর থানার এসআই আশরাফুজ্জামান তদন্ত শেষে ২০১২ সালের ২৭ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই বছরের ৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং শুনানি শেষে মঙ্গলবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক স্ত্রী হত্যায় দোষী সাবস্ত হওয়ায় স্বামী কাওসারকে মৃত্যুদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেয় আদালত।

হারিছ উদ্দিন আহামদ জানান, দণ্ডপ্রাপ্ত আসামি কাওসার উচ্চ আদালত থেকে জামিন লাভ করার পর পলাতক রয়েছেন।

আসামি পক্ষে ছিলেন অ্যাড. ওয়াহিদুজ্জামান আকন (তমিজ)।
                        
আমিনুল ইসলাম/এআরএ/এমএস