স্ট্যান্ডার্ড ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তা আটক
সিলেটের বিশ্বনাথে স্ট্যান্ডার্ড ব্যাংক শাখায় গ্রাহকের এক কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের ঘটনায় ব্যাংক কর্মকর্তা হোসেন আহমেদকে (৩৫) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাঠানটুলায় দুদক সিলেটের বিশেষ দুইটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক হোসেন আহমেদ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সালাদিঘী গ্রামের মৃত আবদুল ওয়াদুদের ছেলে। বর্তমানে লাভলী রোডের একটি বাসায় আত্মগোপনে ছিলেন তিনি।
দুদক সিলেট কার্যালয় সূত্র জানায়, হোসেন আহমেদ বিশ্বনাথ স্ট্যান্ডার্ড ব্যাংক শাখার প্রথম সহ-সভাপতি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের মে মাস পর্যন্ত ওই ব্যাংকে গ্রাহকের টাকা ভাউচারে গ্রহণ করেছেন। কিন্তু ম্যানুয়ালি টাকা গ্রহণ করলে তিনি গ্রাহকের অ্যাকাউন্টে টাকা জমা দেননি।
জানা যায়, প্রথমে ব্যাংক কর্তৃপক্ষের কাছে ১৬ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের বিষয়টি ধরা পড়ে। আলী হোসেনকে টাকা ফেরত দিতে চাপ দিলে তিনি পালিয়ে যান। ওই সময়ে ব্যাংকের কর্মকর্তা পারভেজ আহমদ বাদী হয়ে বিশ্বনাথ থানায় দুদক আইনে একটি মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পড়ে দুদক সিলেট কার্যালয়ের। তখন দুদকের দুইটি বিশেষ দল তদন্তে নামে। দুদক তদন্ত করে ঘটনার সত্যতা পায়।
অনুসন্ধান চালিয়ে দুদক প্রমাণ পায় ১৬ লাখ টাকা নয়, হোসেন আহমেদ ওই ব্যাংক থেকে মোট এক কোটি ১৫ লাখ টাকা আত্মসাত করেছেন। দুদক সন্দেহ করছে, ঘটনার সঙ্গে আরো কেউ কেউ জড়িত থাকতে পারেন। দীর্ঘ তদন্তের পর দুদক হোসেন আহমেদের খোঁজে নামে। বিভিন্ন প্রযুক্তির সাহায্যে দুদকের দুইটি টিম সন্ধান পায় ওই পলাতক কর্মকর্তা লাভলী রোড ও পাঠানটুলা এলাকায় আছেন।
মঙ্গলবার দুদকের দুইটি বিশেষ দল পাঠানটুলার ফুলকলির সামনে অভিযান চালিয়ে ব্যাংক কর্মকর্তা হোসেন আহমেদকে আটক করে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ড. মো. আবুল হাসান জাগো নিউজকে জানান, ব্যাংক কর্মকর্তা হোসেন আহমেদকে এক কোটি ১৫ লাখ আত্মসাতের ঘটনায় আটক করেছে দুদক। ধারণা করা হচ্ছে, তার সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত আছেন। হোসেন আহমেদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। টাকা উদ্ধারের জন্য তথ্য নেয়া হচ্ছে।
ছামির মাহমুদ/এআরএ/আরআইপি