যমুনা ব্যাংকের ম্যানেজার দুই দিন ধরে নিখোঁজ
কুমিল্লা শহরের লাকসাম রোডস্থ যমুনা ব্যাংকের ম্যানেজার মোশারফ হোসেন দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি চাঁদপুরের কচুয়া উপজেলার নলুয়া গ্রামের মৃত আবদুর রশিদ আমিনের ছেলে। শুক্রবার এ ঘটনায় তার ছোট ভাই শাহাদাত হোসেন কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে নগরীর মুন্সেফ বাড়িস্থ ভাড়া বাসা হোমনা হাউজ থেকে শাসনগাছা বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে বের হন ব্যাংক ম্যানেজার মোশারফ হোসেন। এরপর তিনি আর বাসায় ফেরেননি এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করার পর না পেয়ে তার ভাই শাহাদাত হোসেন শুক্রবার দুপুরে কোতয়ালী মডেল থানায় জিডি করেন। তবে ওই ব্যাংক কর্মকর্তাকে মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ করা হতে পারে বলে পরিবারের সদস্যরা আশঙ্কা করছেন।
কামাল উদ্দিন/এআরএ/এমএস