ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লার সাবেক এমপি অ্যাডভোকেট আবুল হাশেম খান আর নেই

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ১১:৫৬ এএম, ৩১ জানুয়ারি ২০২৪

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল হাশেম খান (৬৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৩১ জানুয়ারি) ভোর ৫টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। আবুল হাসেম খানের মেয়ে নাজিয়া হাশেম তানজি জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে থেকেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। এ অবস্থাতেও তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থী এমএ জাহেরের কাছে পরাজিত হন।

২০২১ সালের ১৪ এপ্রিল সাবেক আইনমন্ত্রী ও আসনটির এমপি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুর পর উপনির্বাচনে তাকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। একই বছরের ১৪ জুলাইয়ের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি তিন মেয়ে ও এক ছেলের জনক।

সাবেক সংসদ সদস্য আবুল হাশেম খান ১৯৫৫ সালের ৩১ ডিসেম্বর বুড়িচংয়ের উত্তর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৬ সালে বুড়িচং উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৩ সালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তিন বছর পর সাধারণ সম্পাদক হন। ২০০৩ সালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ২০১৮ সালে তাকে দলের আহ্বায়ক করা হয়। ২০১৯ সালে কমিটি গঠন হলে পুনরায় সভাপতির দায়িত্ব পান আবুল হাশেম খান।

জাহিদ পাটোয়ারী/এফএ/জেআইএম