তনু হত্যা মামলায় সিআইডির তৃতীয় দফায় জিজ্ঞাসাবাদ
কুমিল্লায় অবস্থানরত সিআইডির উচ্চ পর্যায়ের তদন্ত সহায়ক দলটি তৃতীয় দফায় শনিবার সকাল থেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। শনিবার বেলা সাড়ে ১০টা থেকে দুপর ২টা পর্যন্ত কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী মো. মনিরুল ইসলাকে কুমিল্লা সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
মধ্যাহ্নভোজের বিরতির পর বিকাল থেকে রাত পর্যন্ত আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিআইডি সূত্রে জানা গেছে।
এদিকে তনু হত্যা মামলা পর্যবেক্ষণে সিআইডির ডিআইজি (ক্রাইম-ইস্ট) মাহবুব মোহসিনসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ রোববার কুমিল্লায় যাবেন বলে সিআইডি কার্যালয় সূত্রে জানা গেছে। এদিন তারা সিআইডি কার্যালয়ে তনু হত্যা মামলার বিষয়ে বৈঠক ও ঘটনাস্থল পরিদর্শন করার কথা রয়েছে।
সিআইডি সূত্র জানায়, বৈঠকে তনু হত্যার রহস্য উদঘাটনে মামলার অগ্রগতি পর্যবেক্ষণ, তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে।
এ মামলার অগ্রগতির বিষয়ে সিআইডি কুমিল্লার বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান সাংবাদিকদের জানান, তনু হত্যা মামলার রহস্য বের করতে ও জড়িতদের শনাক্তকরণে এরই মধ্যে অনেকের সাক্ষ্য নেয়া হয়েছে, আরও অনেকের সাক্ষ্য নেয়া হবে।
কামাল উদ্দিন/এফএ/আরআইপি