ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে আ. লীগের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১২:১৫ পিএম, ১২ এপ্রিল ২০১৬

যশোরে নির্বাচনী সহিংতায় আব্দুস সাত্তার বিশে (৭০) নিহতের ঘটনায় যশোর শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমাম হাসান লাল জড়িত নয় বলে দাবি করেছেন শহর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তাকে ফাঁসানো হয়েছে দাবি করে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন দলটির নেতারা।

প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শহর আওয়ামী লীগের নেতৃবৃন্দ জানান, ৩১ মার্চ সদর উপজেলার সকল ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। কিন্তু এর মধ্যে চাঁচড়া ইউনিয়নের চাঁচড়া ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গুলিতে আবদুস সাত্তার বিশে নামে একজন বৃদ্ধ নিহত হয়েছেন।

এ ঘটনায় আওয়ামী লীগের কোনো নেতা কর্মী জড়িত নয়। অথচ ঘটনার পর মামলায় ষড়যন্ত্রমূলকভাবে শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমাম হাসান লালকে ফাঁসানো হয়েছে।

এসময় যশোরের পুলিশ সুপার ‘ষড়যন্ত্রমূলক’ মামলা দিয়ে আওয়ামী লীগের জনপ্রিয় নেতা কর্মীদের হয়রানি করছে বলেও অভিযোগ করেন নেতৃবৃন্দ।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. সোহেল শামীম। তিনি বলেন, দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। বৃদ্ধ নিহতের ঘটনায় তার ছেলে বাদী হয়ে মামলা করেছে। এ সবই হচ্ছে পুলিশ সুপারের ইন্ধনে।

তিনি বলেন, বর্তমান পুলিশ সুপার ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের ছাত্রদলের নেতা ছিলেন। তিনি জামায়াত-বিএনপির এজেন্ডা বাস্তবায়নের জন্য একের পর এক আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর নির্যাতন চালাচ্ছেন। পুলিশ সুপারকে যশোর থেকে প্রত্যাহারেরও দাবি জানান নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সহসভাপতি শেখ গোলাম মোহম্মদ খোকন, সৈয়দ ওসমান মঞ্জুর, রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক কাজী শহীদুল হক শাহীন, সাংগঠনিক সম্পাদক অ্যাড আসাদুজ্জান বাবুল প্রমুখ।

মিলন রহমান/এফএ/পিআর