কুমিল্লা সিটি নির্বাচন
এজেন্ট বের করে দেওয়াসহ ভোটারদের মারধরের অভিযোগ
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম
কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া, ভোটারদের মারধরের অভিযোগসহ ও ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম।
শনিবার (৯ মার্চ) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে নগরীর ১১ নম্বর ওয়ার্ডের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলকেন্দ্রে ভোট দিয়ে এ অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন>> উপ-নির্বাচন/ কুমিল্লা সিটিতে ভোটার উপস্থিতি কম
সাংবাদিকদের নূর উর রহমান মাহমুদ তানিম বলেন, বিভিন্ন কেন্দ্রে এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি। অনেক কেন্দ্র থেকে আমার এজেন্ট বের করে দেওয়া হয়েছে। এছাড়াও ২৬ নম্বর ওয়ার্ডে আমার ভোটারদের মারধর করা হয়েছে। ভোটকেন্দ্রে আসা ভোটারদের গতিরোধ করে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। এসব বিষয়টি হস্তক্ষেপর জন্য তিনি রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

এ নির্বাচনে অন্যদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন- কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার (বাস প্রতীক), বিএনপির বহিষ্কৃত নেতা ও দুইবারের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু (ঘড়ি প্রতীক) ও সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া প্রতীক)।
আরও পড়ুন>> মাঠে ১১ ম্যাজিস্ট্রেটসহ র্যাব-বিজিবির বিশেষ টহল
এসিটিতে ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি ভোটকক্ষে ইভিএমে ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হবে বিকেল ৪টায়। সিটিতে মোট ভোটার দুই লাখ ৪২ হাজার ৫৬২ জন। নারী ভোটার এক লাখ ২৪ হাজার ২৭৮ জন, পুরুষ ভোটার এক লাখ ১৮ হাজার ২৮২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার দুজন রয়েছেন।
জাহিদ পাটোয়ারী/আরএইচ/এমএস