ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে ৮ ট্রেন

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ১২:১৯ এএম, ১৮ মার্চ ২০২৪

কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আটটি ট্রেন জেলার বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। এতে যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

রোববার (১৭ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে উজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হওয়ার প্রায় ৬ ঘণ্টা পর অনুষ্ঠানিক উদ্ধার অভিযান শুরু হয়।

কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার মো. শাহাবুদ্দিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় ফলে কুমিল্লা স্টেশনে আটকা পড়েছে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস, কুমিল্লা সদরের রসুলপুর এলাকা পড়েছে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা নাছিরাবাদ এক্সপ্রেস, লাকসাম জংশনে আটকা পড়েছে সুবর্ণা, সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ও চাঁদপুর থেকে আসা সাগরিকা এক্সপ্রেস, লালমাইতে কর্ণফুলী এক্সপ্রেস। এছাড়াও লাকসামে চট্টগ্রামগামী দুটি মালবাহী ট্রেন আটকা পড়েছে।

আরও পড়ুন

আরিফ হোসেন নামে চট্টলা এক্সপ্রেসের এক যাত্রী বলেন, দীর্ঘ সময় ধরে কুমিল্লা স্টেশনে আটকে আছি। অনেকেই বিকল্প পথে চট্টগ্রামের উদ্দেশে চলেগেছে। সাথে পরিবার আর ছোট শিশুরা থাকায় দুর্ভোগের ভড়ে ট্রেনই অপেক্ষা করছি। জানিনা কখন যাবো চট্টগ্রামে। ছেলে-মেয়েদের নিয়ে অনেক দুর্ভোগের মধ্যে আছি। অনেক রাত হয়েছে। এখন আর বিকল্প পথেও যাওয়ার উপায় নেই।

খাদিজা নামে এক যাত্রী বলেন, সারাদিন রোজা রেখে অনেক ক্লান্ত। এরমধ্যে বাড়তি ঝামেলা ট্রেন দুর্ঘটনা। এত দেরি হবে জানলে বিকল্প পথে যেতাম। রাত বাড়ায় উভয় সংকটে আছি।

রোববার (১৬ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় অন্তত ১০ যাত্রী আহত হয়। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গিয়েছেন।

জাহিদ পাটোয়ারী/এমকেআর