ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিলম্বে হলেও এদেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হবে : ন্যাপ প্রধান

প্রকাশিত: ০৯:১৬ পিএম, ১৪ এপ্রিল ২০১৬

মুক্তিযুদ্ধ চলাকালে প্রবাসী সরকারের একমাত্র জীবিত উপদেষ্টা, দেশের অন্যতম প্রবীন রাজনীতিবিদ ও ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফ্ফর আহমেদ বলেছেন, ‘আমি বিশ্বাস করি বিলম্বে হলেও এদেশে একদিন সমাজতন্ত্র প্রতিষ্ঠা হবেই।’

তিনি বলেন, ‘শ্রমজীবী-গরিব-মেহনতি মানুষের মুক্তির লক্ষ্যে শোষনহীন সমাজব্যবস্থা তথা সমাজতান্ত্রিক সমাজব্যবস্থার বিকল্প নেই, এ জন্য মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে মেহনতি মানুষের সংগ্রাম চালিয়ে যেতে হবে।’

অধ্যাপক মোজাফ্ফর আহমেদ তার ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার দেবিদ্বারে আয়োজিত অনুষ্ঠানে ঢাকাস্থ বাসভবন থেকে সেলফোনে প্রদত্ত বক্তব্যে দেশবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন।

দেবিদ্বার উপজেলা ন্যাপ ও চেতনায় মুক্তিযুদ্ধ বাংলাদেশের উদ্যোগে নিজ গ্রাম এলাহাবাদে আয়োজিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল মুন্সী।

প্রবীন রাজনীতিবিদ মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাপ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন, ন্যাপ কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক অনীল চক্রবর্তী, উপজেলা সভাপতি আলহাজ্ব জয়নুল আবেদীন, দেবিদ্বার থানার ওসি মো. মিজানুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান ভূইয়া, দেবিদ্বার আলহাজ জোবেদা খাতুন মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ মাসুদ পাখী, অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম ভূইয়া, ন্যাপ নেতা গোলাম সুলতান আহমেদ, অধ্যক্ষ মজিবুল ইসলাম, অধ্যাপক ফেরদৌস আলম, এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল বিকাশ দত্ত প্রমুখ।

এর আগে প্রধান অতিথি কেক কাটার মধ্য দিয়ে ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফ্ফর আহমেদর ৯৫তম জন্মবার্ষিকীর উদ্বোধন করেন।

মো. কামাল উদ্দিন/বিএ