বিএনপি নেতার চালের আড়তে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
যশোরে বিএনপি নেতা রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের চালের আড়তে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৪ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে শহরের বড় বাজার লোন অফিস পাড়া এলাকার ওই আড়ত থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বায়েজিদ হাসান (৩০) খুলনা জেলার বানরগাতি গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি মুল্লুক চাঁদের আড়তের কর্মী ছিলেন। রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ যশোর নগর বিএনপির সভাপতি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বায়েজিদ হাসান মুল্লুক চাঁদের আড়তে কাজ করতেন। বেশ কয়েকদিন আগে ওই আড়ত থেকে পাঁচ লাখ টাকা চুরি যায়। এই ঘটনার পর বায়েজিদ পালিয়ে যান। চুরি যাওয়া টাকা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বায়েজিদকে খুলনা থেকে ডেকে নিয়ে আসা হয়। এরপর রাতে জিজ্ঞাসাবাদকালে মারপিটে বায়েজিদের মৃত্যু হয়।
খবর পেয়ে রাত ৩টার দিকে পুলিশ বায়েজিদের মরদেহ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আড়তের নৈশপ্রহরীকে হেফাজতে নিয়েছে।

এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) জুয়েল ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বায়েজিদকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে মুল্লুক চাঁদের সঙ্গে কথা বলা হয়েছে। তিনি পাওনা টাকার বিষয়টি স্বীকার করেছেন। কিন্তু হত্যা কে বা কারা করেছে সে বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন।
এছাড়া মুল্লুক চাঁদ যশোরের বাইরে রয়েছেন বলে জানিয়েছেন। এ ঘটনার নেপথ্যের কাহিনী খুঁজতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে বলেও জানান তিনি।
মিলন রহমান/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- ২ ছিনতাইকারীর ধাক্কায় ছিটকে পড়লেন অটোরিকশার চালক, গাড়িচাপায় গেল প্রাণ
- ৩ যশোরে ভেজাল মবিল তৈরি, কারখানা মালিকের লাখ টাকা জরিমানা
- ৪ মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করে প্রাণ গেলো বাবার
- ৫ সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই